ফেরে নাই প্রিয়া ঘরে
- সুদীপ তন্তুবায় নীল

দিবার আলোক যতনে লুকায় সাঁজাল ধোঁয়ার মাঝে,
সন্ধ্যাতারা যে উঁকি ঝুঁকি দেয় আলতো আঁধার সাঁঝে ।

একা বসে আছি উঠোনের মাঝে স্বপ্নের দোলা লাগে,
হৃদয় জুড়ে যে বাঁকা হাসি ভরা মেয়েটার কথা জাগে ।

বলাকার দল সব ফিরে গেল ফেরে নাই প্রিয়া ঘরে,
কি জানি কোথায় আছ তুমি প্রিয়া কোন পথে কত দূরে !

আধফালি চাঁদ উঁকি দিয়ে যায় পুব আকাশের বুকে,
সুখের আলোরা হারিয়ে যে গেছে সন্ধ্যে নামার মুখে ।

জোনাকিরা সব জ্বলে আর নেভে তমালের শাখে শাখে,
তারাদের পানে চেয়ে থেকে মন তার মুখছবি আঁকে ।

কোন পথে সে যে হেঁটে গেছে মোরে মরুপথে রেখে একা,
এই জনমেতে পাব কী গো আমি সেই মেয়েটার দেখা !

রাত বেড়ে যায় জেগে থাকি একা নিরব প্রহর গণি,
দু চোখের জলে মন খেলাঘরে স্বপ্নের জাল বুনি ।

স্বপ্নের ঘোর উড়ে যায় দূরে চেনা নিক্কন বাজে,
প্রিয়া বুঝি ওই ফিরে এল ঘরে রাজকন্যের সাজে ।

চেয়ে দেখি আমি পশ্চিমে চাঁদ জোনাকিরা নেভে জ্বলে,
কেউ আসে নাই চারিদিকে শুধু নিরবতা কথা বলে ।

চোখের নদীতে জোয়ারের টান জল থই থই করে,
বলাকার দল সব ফিরে গেছে ফেরে নাই প্রিয়া ঘরে ।

রচনা : ১৭/১০/২০১৩


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।