আমি হেঁটে গেছি সেইদিন
- সুদীপ তন্তুবায় নীল

পৌষের বিকেলে
লাঙল দেওয়া ক্ষেতে
প্রকৃতির মৃদু কান্নায় ভেজা
মাটির ঢেলাগুলো ভেঙে ভেঙে
হেঁটে গেছি একদিন নগ্ন দু'পায়ে ;
বলাকারা ফিরছিল নীড়ে
কুয়াশার চাদর ছিল প্রকৃতির গায়ে,
আমি হেঁটে গেছি সেইদিন
সব বাধা ভেঙে ইতিকার ছায়ে ;
ছুঁয়ে গেছি ঘাসফুল, শিশিরের জল
কান পেতে শুনেছি তালপাতার মৃদু কম্পন,
নীড়ে ফেরা বলাকার কলতান ।
ঘুমিয়ে গেছিল সব গান
যখন বিকেলের অবসানে
উঠে এল সন্ধ্যার তারা
ভেসে এল শঙ্খের গান
জ্বলেছিল প্রদীপের শিখা
তখন হয়েছিল ফেরার আয়োজন
ছিঁড়ে সব বন্ধন....
প্রকৃতির সব স্পর্শ গান অনুভূতি
চুরি করে ক্ষেত মাঠ তালবন ছাড়ি
আমি ফিরে গেছি বাড়ি ।

রচনা : ২০/১২/২০১৩


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।