নির্বাচন ট্রেন
- বেঞ্জিন বেঞ্জয়েট
চলিছে নির্বাচনের গাড়ি সায়দাবাদ ছাড়ি গ্রামে গ্রামে ,
চাঁদ সাক্ষী সূর্য সাক্ষী ...চলিছে তা দেবতার নামে ।
গাড়িতে চড়িছে হায়েনার দল , সেবকের নাম লিখে ,
বিষ মাখিয়া কুসুম ছড়ায় গ্রাম গঞ্জ মহল্লার চারিদিকে ।
কুসুম হেরিয়া অসচেতন গণ বেহুঁশে মাতিয়ে দোলে ,
হিন্দি গীতে দেশপ্রেম জাগায় বাঙলা গীতের আদলে ।
নৃত্য আজ নতুন রূপে সাজিছে পাজামা ফতুয়া ছাড়ি ,
লুঙ্গি ড্যাঞ্চে দিশেহারা হয়ে উলঙ্গ প্রায় ওই নরনারী ।
টিকিট কিনিছে বিনা মূল্যে, কারো নেই কিছু দায় ,
সুর তোলে তারা পৌঁছেছে লক্ষ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ।
কে জনগণ কিসের ভোট কার আছে কিসের ক্ষমতা ?
দেশের আপাদমস্তক তারাই যেন ,আমরা হীন বনলতা ।
পুরো দেশটা কারো বাবার , কারোবা স্বামীর পদধূলি ,
আমরা হলাম উড়ো পাখি , ইচ্ছে মতো ওরা করে গুলি ।
আমাদের রক্তে ওরা হরি খেলে কীর্তন করে দিবালোকে ,
কিছুই তাদের যায় আসেনা মায়ের সন্তান হারা শোকে ।
আমার মায়ের আঁখিজল আমার ভাইয়ের তাজা খুন ,
ওরা পায়ে দলে মিশে দেয় হাসির ছলে ,ভাবে যেন শকুন ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।