একটা বালিকা
- সুদীপ তন্তুবায় নীল

একলা বালিকা মা ই তার সব
কেউ নাই দুনিযায়,
একলা বালিকা মা র কোল ছাড়া
আর কিছু ভাবে নাই ।
একলা বালিকা ছুটে ছুটে যায়
ধূলিমাখা পথ বেয়ে,
একলা বালিকা শুয়ে থাকে রাতে
তারাদের পানে চেয়ে ।
একলা বালিকা থাকে না ঘরে
মায়ের স্নেহ কোলে,
একলা বালিকা সাঁতার কাটে
দুরের পুকুর জলে ।
একলা বালিকা ভাই নেই তার
একলাই খেলে হাসে.
একলা বালিকা লুটোপুটি খায়
শিশির সিক্ত ঘাসে ।
একলা বালিকা শীতের সকালে
শিশির মাখে দু পায়,
একলা বালিকা সোনা ঝরা রোদ
মাখে তার খালি গায় ।
একলা বালিকা চাঁদ পানে চেয়ে
হাজার স্বপন দেখে,
একলা বালিকা তন্দ্রিত হয়
রুপোলি জোছনা মেখে ।

চঞ্চলা মেয়ে ক্রমে বড়ো হয়
ঠিক হয়ে যায় বিয়ে,
চঞ্চলা মেয়ে থাকে বসে ওই
মাঠের পানেতে চেয়ে ।
চঞ্চলা মেয়ে ভাবে বসে ওই
দুরের ছেলেবেলা,
চঞ্চলা মেয়ে দেখে অতীতের
কান্না হাসির খেলা ।
চঞ্চলা মেয়ে জোছনা রাত্রে
কাঁদে বসে একা একা,
চঞ্চলা মেয়ে পাবে কী সে আর
দুরের অতীত দেখা !
চঞ্চলা মেয়ে ভাবছে সে যে
ফেলে আসা দিন রাত,
চঞ্চলা মেয়ে ধরবে যে আজ
অজানা সাথীর হাত ।
চঞ্চলা মেয়ে গোধূলি বেলাতে
চোখের অশ্রু নিয়ে,
চঞ্চলা মেয়ে সাজছে নতুন
ফুলের মাল্য দিয়ে ।
চঞ্চলা মেয়ে বিয়ে হয়ে যায়
সিঁথি হয়ে যায় লাল,
চঞ্চলা মেয়ে প্রভাতে বিদায়
ছিঁড়ে যে মায়ার জাল ।

আজ গৃহবধূ, আর একা নেই
ছেলে মেয়ে সংসার,
আজ গৃহবধূ একলা বালিকা
পিঠে তার কত ভার !
আজ গৃহবধূ, ছেলে বড়ো হয়
পড়াশুনা বহুদূর,
আজ গৃহবধূ, ছেলে রোজগেরে
হৃদয়ে খুশির সুর ।
আজ গৃহবধূ, ছেলে সংসারী
থাকে কোন দূর দেশে,
আজ গৃহবধূ, অন্ন জোটে না
স্বামী ভিখারির বেশে ।
আজ গৃহবধূ ,ঘরে অনাহার
ছেলে আছে দুরে সুখে,
আজ গৃহবধূ খোকার খেলনা
নিয়ে বসে কাঁদে বুকে ।
আজ গৃহবধূ স্বামীহারা হয়
লাল সিঁথি যায় ঘুচে,
আজ গৃহবধূ চোখে জল ফেলে
দৃষ্টি যে যায় মুছে ।
আজ গৃহবধূ বৃদ্ধা হয়েছে
অন্ধ হয়েছে শেষে,
আজ গৃহবধূ একা একা কাঁদে
বুক যায় তার ভেসে ।

এক দিনান্তে গোধূলিবেলায়
ছেড়ে গেল তার প্রান,
নগ্ন দেহটা পুড়ে ছাই হল
দুঃখের অবসান ।
জানল না ছেলে,আছে কোন দুরে
ছেলে বউ নিয়ে সুখে,
মা বাবা কেউই ছেলের হাতেতে
পেল না আগুন মুখে ।
যদি ফিরে আসে ঘর ভোলা ছেলে
পাবে না তো আর দেখা,
জানে না তো কেউ সে ছেলের বুক
রইবে কী দুখ মাখা !
শরত আকাশে কত সাদা মেঘ
চলে ওই ভেসে ভেসে,
সেই বালিকাটা এসেছে হয়তো
পুরানো অতীত বেশে ।
শরতের দিন, দুর্গোপুজো
মাঠে সাদা কেশফুল,
একলা বালিকা ছুটে আজও যেন
হেলায়ে মাথার চুল ।
শরতের ডাক, দুর্গোপুজো
আজ সে বালিকা নেই,
মানবের ভিড় ঠেলে খুঁজলেই
হয়তো পাবে তারেই !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।