আমার ছোট্ট গ্রাম
- সুদীপ তন্তুবায় নীল

এ ভবের মাঝে হিরাশোল নামে
ছোট্ট একটি গ্রাম,
বৃষ্টির জলে অঙ্গ ভিজিয়ে
সিক্ত পুন্যধাম ।

জল থই থই ভরে গেছে মাঠ
ভরে গেছে খালবিল,
বৃষ্টির শেষে দুরের আকাশে
ছোট্ট শঙ্খচিল ।

বৃষ্টির জলে ছিটনি কেটে যে
চলেছে রাখাল ছেলে,
কাগজের নাও ভাসায়ে জলেতে
চলে যায় হেলে দুলে ।

বৃষ্টি কাটলে সুনীল আকাশ
উঁকি ঝুঁকি দিয়ে যায়,
পুবের আকাশে রামধনু একা
নীরবে যে খেয়া বায় ।

কূজিছে কোকিল রাধাচূড়া ডালে
বসে বসে একমনে,
গোধূলি লগন তার বুকে যেন
স্বর্গের সুখ হানে ।

সন্ধ্যার বেলা পুকুরের পাড়ে
ব্যাঙেদের কোলাহল,
চারিদিকে বাজে বৃষ্টির গান
থইথই করে জল ।

উঠবে না জানি সেই কোলাহল
ঘুমালে গ্রামের কোলে,
ভরবে সেদিন তোমার বুক যে
কীর্তনিয়া বোলে ।

এ যে গ্রাম নয়, স্বর্গের দেশ
পবিত্র দরবার,
পর জনমেতে জনম নিয়ে যে
আসব ফিরে আবার ।

রচনা : ০১/০৬/২০১৩


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।