বৃষ্টিরা আজ আসেনি সকালে
- সুদীপ তন্তুবায় নীল

বৃষ্টিরা আজ আসেনি সকালে
হারিয়ে গেছে যে সব,
উষার ঝিলিক পুবের আকাশে
পাখিদের কলরব ।

শুভ্র মেঘেরা ভাসিয়েছে নাও
দুর নীলিমার বুকে,
শঙ্খচিলেরা মেলেছে দুডানা
অন্তবিহীন সুখে ।

বৃষ্টিতে ধোয়া সবুজেরা হাসে
উষার ঝিলিক মেখে,
কুহু কলতান ভেসে ভেসে আসে
পলাশের বন থেকে ।

তালের পাতারা থিরথির কাঁপে
বয়ে যায় সমীরণ,
ধেনুগুলো যায় শাদ্বল মাঠে
ছাড়ি পলাশের বন ।

বয়ে যায় বেলা নিরবে একেলা
চেপে সময়ের বুকে,
ফিরে যাবে পাখি, ফিরে যাবে ধেনু
শেষ বিকেলের মুখে ।

বৃষ্টিরা আজ আসেনি সকালে
হয়তো ভুলেছে তারা,
সবুজে নীলেতে রোদসীর হাসি
কাব্যিকতায় ভরা ।

রচনা : ০২/০৬/২০১৩


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।