ভিজিট মালয়েশিয়া
- বেঞ্জিন বেঞ্জয়েট
শত বর্ষের স্বাদ মিটিবে নূরের মালয়েশিয়াতে পা দিলে ,
দিনে দিনে তায় গুছিয়ে নিয়েছে স্বামী স্ত্রী সন্তান মিলে ।
বুধ রাতেতে সব ঠিক করে রওয়ানা দিলো নূর ,
ব্যাগেজের ভাঁজে চিড়া বেঁধেছে পথ যে বহুদূর ।
টেকনাফ থেকে যাত্রা শুরু, প্রথম দালাল নিলো হাত ধরে ,
নূরের পাঁজরে লাথি কিল মেরে স্ত্রীকে নিলো তার শয়নঘরে ।
দুই দিন অনাহারেতে, সন্তান কাঁদে ক্ষুধার জ্বালায় ,
নূরের ক্ষুধা আসমানে গেছে কাঁদে সে মনঃবেদনায় ।
তিনদিনের মাথায় ষ্টীমার এসে তুলে নিলো বার্মিজ দালাল ,
আপনার বধূ পরের দখলে, জীবন বাঁচাতে হারামই হালাল ।
অর্ধ পক্ষ ষ্টীমারেতে ভাসমান নূরের জীবন হায় !
নূরকে রেখেছে বন্দী করে, স্ত্রী বন্দী দালালের বালায় ।
খাওয়া তো হয়না কিছু , উপরন্ত স্ত্রীর উপর নৃশংস্য নির্যাতন ,
বিষিয়ে ওঠা নূর আর নূর নাই , নূর হয়েছে পাগলের মতন ।
বার্মা পাড়ি দিয়ে নূর পুঁছিল থাই দালালের হাতে ,
শুরু হল তার নব নির্যাতন মারে শুধু নয় ভাতে ... ;
গভীর বন আর পাহাড় ঘেরা যেথা বাস কেবল জানোয়ারের ,
নূরকে বাঁধিয়া বৃক্ষের সাথে শক দেয় তারা বৈদ্যুতিক তারের ।
উলঙ্গ করি টানিয়া দড়ি বাঁধিল গাছের সাথ ,
নূরের সন্তান নূরের সাথে , বধূ দালালের সাথ ।
বাঘ সিংহ পেয়ে গেলে হরিণ আর কি থাকে তার হুঁশদিক ?
নখের থাবায় ছিঁড়িয়া খায়, ভাবনায় থাকে কি কিবা পৈশাচিক ?
অর্ধমাস যায় ছাড়া নাহি পায় ,
সন্তান বধূ সেতো বহুদূর হারায় ;
আপনার জীবনের উপর উঠেছে মরণ বীণের সেই কাল সুর ,
নিজেকে আর চিনিতে পারেনা ঊনত্রিশ বছরের ডাগর নূর ।
নূরের সঙ্কুল অবস্থা দালালকে করেছে কর্তব্যহীন ,
হাত পা বেঁধে দিলো ফেলি যেথা জঙ্গল ঢের গহীন ।
অতঃপর ইতিহাস আর কিবা থাকে বাঁকি , বলবো যা লোকে ,
এক মাস পর মালয়েশিয়া এসে মা সন্তান মরছে ধুঁকে ধুঁকে ।
ইহার নাম ভিজিট মালয়েশিয়া ,
জান , মান , ইজ্জত সবটুকু দিয়া ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।