রঞ্জিতা - ২৪
- সুদীপ তন্তুবায় নীল

ওগো রঞ্জিতা, তোমার খবর সবাই যে নিয়ে যায়
চোখের জলেতে গুনছি প্রহর তোমার অপেক্ষায় ।
বিকেলের আলো খোঁজ নিয়ে যায়-রঞ্জিতা কোথা গেছে ?
আমি বলে উঠি-যায়নি রে কোথা এ বুকের মাঝে আছে ।
শেষ বিকেলেতে ঘরে ফেরা পাখি আমায় ডেকে যে বলে-
ওরে নীল সেই চাঁদপানা মেয়ে কোথায় গেছে রে চলে ?
আমি বলে-ওরে ফিরে যারে পাখি সন্ধ্যে ঘনিয়ে যাবে,
আমার দুখেতে বসাস না ভাগ অনেক কাঁদতে হবে !
পাখি চলে যায় সন্ধ্যা ঘনায় সন্ধ্যা প্রদীপ জ্বলে,
সেও খোঁজ নেয়-রঞ্জিতা তোর কোথায় গেছে রে চলে ?
আমি কেঁদে বলি-কোথা গেছে প্রিয়া জানি না সন্ধ্যাদীপ,
তোমার আলোতে চোখের বরষা ঝরে আজ টিপটিপ ।
রাত্রি নামলে বলে উঠে চাঁদ-চোখে কেন তোর জল ?
কিসের দুঃখে কাঁদিস রে তুই চুপিচুপি এসে বল ?
চাঁদকে যে বলি-ওগো চাঁদ তুমি আমার প্রিয়ারে দেখো
যেদিন আমায় মরণের সাথে চলে যেতে হবে ওগো ।
চাঁদ বলে-তোর কবিতা শোনাবো গল্প শোনাবো তারে,
শান্তির ঘুম এনে দেব তোর প্রাণের রঞ্জিতারে ।
ওগো চাঁদ তুমি বিধাতাকে বলো প্রিয়া যেন থাকে সুখে,
তারে যেন পাই হাজার জনম এই পৃথিবীর বুকে ।
চাঁদ বলে-আমি বলে দেব ওই নিষ্ঠুর বিধাতারে,
কোন যন্ত্রণা দেবে না রে তোর প্রাণের রঞ্জিতারে ।
যতবার তোরা জন্ম নিয়ে যে আসবি পৃথিবী তীরে,
দু'জনাকে তোরা ঠিক খুঁজে নিবি শত মানবের ভীড়ে ।
আমি বলি-চাঁদ, রঞ্জিতা মোর কেমন আছে গো জানো ?
যাও তার ঘরে এই রাত্রিরে খবরটা তুমি আনো ।
চাঁদ বলে-আমি কি করে যে যাব ঘরেতে পর্দা টানা,
আমার জোছনা তার ঘর মাঝে ঢুকতে যে আজ মানা ।
যারে নীল তুই এই রাত্রিরে জোছনার পথ ধরে,
কান্নার জলে প্রেম দিয়ে আয় ঘরের বন্ধ দ্বোরে ।
চাঁদের কথাতে সারারাত তার বন্ধ দ্বোরের পাশে
নির্ঘুম চোখে খুঁজে গেছি তারে কান্নার জলে ভেসে ।
জানে না তো প্রিয়া শান্তির ঘুমে ঘুমিয়ে যে আছে সুখে,
কত ভালোবাসা রেখে গেছি আমি খোলা উঠোনের বুকে ।
ওগো রঞ্জিতা, কোন অপরাধে যন্ত্রণা ভরে দিলে ?
কোন জনমের শোধ তুমি ওগো এই জনমেতে নিলে ?

রচনা : ২৩/১২/২০১৩
মধ্যরাত্রি : ২:৩০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।