পাখিটি
- সুদীপ তন্তুবায় নীল
খড়কুটো নিয়ে উড়ে যায় পাখি
তমালের ডাল পরে,
আশা ভরা বুক হয় উৎসুক
বাসা বুনবার তরে ।
চেনা সুরে সে যে কূজে বার বার
উতলা আকুল মনে,
চেয়ে থেকে দূরে চলে যায় উড়ে
তাল পলাশের বনে ।
ছোট্ট একটি জীবন যে তার
সবুজের ডালে ডালে,
জীবন মানেই জড়িয়ে থাকা যে
দুঃখ-সুখের ডালে ।
ঝড় বৃষ্টিতে অসহায় পাখি
নীড়েতে কম্পমান,
রোদ ঝলমল দিবার আলোকে
প্রাণ খুলে গায় গান ।
পশ্চিম পানে যখন গোধূলি
হাসে বিকেলের ক্ষণে,
তখন ছোট সে নীড়ের ছবিটি
ভাসে শুধু তার মনে ।
বলাকা হয়ে সে ফিরে যায় নীড়ে
সন্ধ্যা নামার বেলা,
আলো-আঁধারেতে যায় ভেসে তার
ছোট্ট জীবন ভেলা ।
রচনা : ০৩/০৬/২০১৩
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।