হারানো গল্পের সন্ধানে
- বিচিত্র বিশ্বাস নীল - গোলাপের দিন
আমার গল্পটা চুরি গেছে।
সারাদিন তন্ন তন্ন করে খুঁজেছি।
আমার বইপত্র, খাতা-কলম, পুরনো ফাইল
কোথাও দেখতে বাদ রাখিনি।
এঘর-ওঘর সব ঘরের আসবাব,
বিছানার তোষকের নিচে, আলমারির পেছনে
সবখানেই দেখেছি।
কিন্তু গল্পটা পাইনি।
বিকেলে বাগানে হেঁটেছিলাম কিছুক্ষণ।
সন্ধ্যার পুরোটা কাটিয়েছি ছাদে
খোলা আকাশের নীচে সন্ধ্যা-বিষাদ মেখে।
তাই একবার বাগান আর ছাদেও দেখে এলাম।
নাহ্, সেখানেও পেলাম না গল্পটা।
শার্ট-প্যান্টের পকেটও হাতড়ে দেখলাম বারবার।
বলা যায়না কখনো যদি পকেটে রেখে থাকি!
পকেট হাতড়ে শুধু শূণ্যতা পেলাম,
পেলাম কিছু সঞ্চিত সিক্ত অভিমান!
কিন্তু, গল্পটা সেখানেও নেই।
আচ্ছা, গল্পটা কি তোমায় দিয়েছিলাম কোন একদিন?
বলেছিলাম কি তুলে রেখে দিও যত্নে হৃদয়ে তোমার?
সেসব স্মৃতি আর মনে করতে পারিনা আজকাল!
স্মৃতির পাতাগুলো বিবর্ণ কেমন!
তুমি চলে গেছ এক বর্ষা দিনে।
যেন চলে গেছ স্মৃতিদের সাথে নিয়ে।
সেদিন থেকে নিখোঁজ তুমি।
আমার গল্পটাও নিখোঁজ রয়েছে বহুদিন।
আমাদের সেই গল্পটা ছাড়া কীভাবে বাঁচি বলো?
আমাকে তাই বেরুতেই হবে গল্পের সন্ধানে।
প্রয়োজনে আমি করবো তোমারও সন্ধান।
তবে ভয় নেই চাইব না কোন অধিকার।
মুখ ফিরিয়ে নিলেও শুধু দিও গল্পটা আমাদের,
ফিরিয়ে দিও আমাকে, গল্পটা আমার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।