আমার আমি
- বিচিত্র বিশ্বাস নীল - নীল কাব্য
সেই কবে যাত্রা শুরু করেছি
হেঁটে চলেছি পাশাপাশি সমান্তরাল পথে
নিভে যাওয়া প্রদীপের ধূসর ধোঁয়ায়
দেখা হয় মাঝেসাঝে।
সেদিনও তেমনই এক দেখা
আনমনে জিজ্ঞেস করেই ফেললাম
কেমন আছিস তুই ?
ওপাশ থেকে শান্ত উত্তর ভেসে এলো
কবেই ফুরিয়ে গেছি আমি
যেদিন ফুটপাতের ক্লান্তির ওপর দিয়ে
চলে গেল তোমাদের সভ্যতার চাকা !
অন্ধকারকে বিশ্বাস করে যেদিন
আলোর বুকে করলে ছুরিকাঘাত
সেদিন আমি নিঃস্ব হলাম আবার।
যেদিন বিপ্লবী হলে তুমি
আমাকে সেবাদাসী করে
আমার অগ্নিপরীক্ষা নিলে ভালোবেসে
তারপর ছেড়ে গেলে রচিতে বিশ্বসংসার
সেদিন আমি নিভে গেলাম শেষবার।
তবুও প্রতীক্ষায় চলেছি পাশাপাশি
যদি মিলিত হই কখনো
দুজনে মিলে শূন্য করে দেব
এই পৃথিবীর সুখের ভাঁড়ার।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।