স্বাধীনতা তুমি কার
- বেঞ্জিন বেঞ্জয়েট
স্বাধীনতা তুমি কার ... ?
আজো তোমাকে খুঁজে ফিরি মেঘমালাতে ,
তোমাকে হয়নি পাওয়া বঙ্গের কোন বেলাতে ।
হয়নি পাওয়া তোমাকে পথে ঘাটে ঐ প্রান্তরে ,
তোমাকে হয়নি পাওয়া বীরাঙ্গনা রোকেয়ার ঘরে ;
হয়নি পাওয়া বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলীর বাড়িতে ,
স্বাধীনতা তোমাকে দেখেছি হাঁটিতে পথে খুঁড়িতে খুঁড়িতে ।
বুকটা ব্যাথায় পাষাণের ন্যায় হয়ে যায় ভার ...
স্বাধীনতা তুমি কার ... ?
তোমাকে খুঁজে ফিরি স্রোতস্বিনীর তরঙ্গে তরঙ্গে ,
তোমাকে হয়নি দেখা আমার গর্ভধারিণী এ বঙ্গে ;
তোমাকে দেখেছি রাজপথে বুকের রক্তে লাল শীর্ণে ,
তোমাকে দেখেছি বুলেটের ঘাতে মস্তকঠুলীর বিদীর্ণে ;
তোমাকে দেখেছি লগি বৈঠা আর গ্রেনেডের ধোঁয়ার সাথে ,
তোমাকে দেখেছি হাজার মৌলভী আর শিশুর জীবন দান প্রভাতে ।
বুকটা সহসায় করে তীব্র হাহাকার ...
স্বাধীনতা তুমি কার ... ?
তোমাকে খুঁজে ফিরি ভোরের বিজনে ঐ কূজনে ,
তোমাকে হয়নি পাওয়া ভিখারি ভিখারিনীর নয়নে ;
হয়নি পাওয়া খেটে খাওয়া শ্রমিকের শ্রমের মজুরীতে ,
তোমাকে দেখেছি রক্তচোষা আর হায়েনার বলয় ঝুড়িতে ;
দেখেছি তোমাকে শাসক গোষ্ঠীর মুখে মিথ্যের বুলি লেলিহানে,
যেথা প্রতিদিন আমার বঙ্গ মা'র সন্তানের রক্ত আর জীবন টানে ।
বুকটাতে নীরব দুর্ভিক্ষের অবতার ...,
স্বাধীনতা তুমি কার ... ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।