ছন্দহীন
- বেঞ্জিন বেঞ্জয়েট
জীবনটা ছন্দহীন ... ...
আজ যদি আমার চোখের জল মুছবার কেউ থাকতো ,
আজ যদি কেউ তার কোলে আমার মাথাটা রাখতো ;
আজ যদি কেউ আদর করে একটা চুমু দিতো কপোলে ,
জমে থাকা হৃদয়টা হয়তো শূন্য হতো আদরের পরশে গলে ।
জানি কেউ আসবে না , জানি পাশে পাবো না কাউকে ,
কেউ নেই আমার, ছিলও না , হাড়ে হাড়ে চিনি নিজেকে ।
হতভাগার সহায় ওই ধ্রুবতারা কাঁদে যে রাত জেগে সাথে ,
দুখিনী দুখিনীর সান্ত্বনা যোগায় বিধাতার অপার করুণাতে ।
একবুক জ্বালা আমার বয়ে যায় নীল সাগরের ঊর্মির তালে ,
ভেসে যাই অজানা ঠিকানায় মৃদু সমীরে রক্তিম ছেঁড়া পালে ।
প্রকৃতির নির্যাস নীরবতা নির্জনে আবীরে মিশে হাহাকার ,
জীবনের অন্তিমকাল ছুঁই ছুঁই তবু হল না জানা আমি কার ?
কেউ নেই আমার , আমি কারো নই , ধূসর প্রকৃতি আমার ,
রক্তিম সূর্য আর নিশীথের সেই ডাহুকের রোনাজারি আমার ।
আমি সেই পথ হারা চোখে ধাঁধাঁ লাগা পথিকীনি ,
আমি সেই মাঝি ছাড়া দরিয়ায় ভাসমান তরণী ,
ভাসে যে দিকহীন ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।