খোলা আকাশের তলে আমার নতুন ঠিকানা
- সুদীপ তন্তুবায় নীল

খোলা আকাশের তলে আমার নতুন ঠিকানা,
গিরি, মাঠের পথ যে আমার নেই কো অজানা ।
ফুল পাহাড়ে ফুলের মাঠে প্রজাপতির মেলা,
এইখানেতে যায় যে কেটে আমার সারাবেলা ।
রৌদ্র দিঘির জলের মাঝে জল ছিটিয়ে আমি
ডুব সাঁতারে এপার ওপার নাইতে যখন নামি ।
শেষ বিকেলে সূর্য যখন যায় যে দিয়ে আড়ি,
সন্ধ্যা মুখে ফেরে তখন বলাকাদের সারি ।
রাত্রিবেলা হাজার তারা আকাশ মাঝে জ্বলে,
না বলা মোর হাজার কথা যায় যে তারা বলে ।
জোছনা হয়ে সুখ যে ঝরে জীবন জুড়ে থাকে,
জোনাকগুলো হৃদয় জুড়ে প্রেমের ছবি আঁকে ।
রাত্রি শেষে ভোরের বেলা সূর্যি যখন হাসে
শিশির হাসে তখন মাঠে ছোট্ট ঘাসে ঘাসে ।
মায়ের ডাকে ভাঙলো যে ঘুম হারালো ঠিকানা !
চুপিসারে পেরিয়ে গেলাম স্বপ্নের সীমানা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।