আদরের সারথি আমার
- বেঞ্জিন বেঞ্জয়েট
আর কতদূর যাবে আদরের সারথি আমার !
এবারের যাত্রী: মাঝি ,কিছু মোল্লা, চামার...
আরও কিছু রয়েছে শুণ্ডা, সাধু, লুটের দল ,
ত্রিযুগের যাত্রা আজো দেখি রয়েছে সচল ।
ক্লান্তি নাই কি তার ?
আর কতদূর যাবে আদরের সারথি আমার !
সুদূর থেকে ধোঁয়ার লেলিহান দেখি অগ্নিশিখা,
শুনি তার প্রসব বেদনা রোল, নাকি মরীচিকা ?
শোনা যায় আবীরমাখা উৎকণ্ঠার আওয়াজ ,
নয়নে ভাসে আমার, রক্ত মাখা রাতুলের সাজ ।
দেখি তার নীরব হাহাকার...
আর কতদূর যাবে আদরের সারথি আমার !
চারিদিকে আছে নাম লিখা সোনার হরফে ,
আতশি ফ্রেমে দেখি, আছে সে জমে বরফে ;
গড়িয়ে পড়ে গা বেয়ে লোনা স্বেদ নয়ন জল ,
সমীরেতে ওড়ে তার বেদনার নীল আঁচল ।
মুখে দেখিনা পুলক তার ...
আর কতদূর যাবে আদরের সারথি আমার !
কান পেতে শুনি উদরে ঢোকা ছুরিকার ধ্বনি ,
মেরে কেটে শিথানের ধারে রাখছে গুনি গুনি ;
মোল্লাদের মুখে লালা ঝরে অম্লতেঁতুল স্মরণে ,
প্রাণের ভিখ মাগে চামারের চরণে চরণে ।
নাভিশ্বাস ওঠে সাধুবাবার ...
আর কতদূর যাবে আদরের সারথি আমার !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।