শোকের স্মৃতি
- এ কে সরকার শাওন - আপন-ছায়া
সাত সকালে মেঘের ঘোমটায়
কাঁদছে ধরা অঝোর ধারায়!
আলো ছায়ার করুণ খেলায়,
সূর্য পালায় ইন্দ্রের ভেলায়!
পথ ঘাট গোপাট পিচ্ছিল,
মাঠ ভেসে গেছে জলে!
তার মাঝে বল খেলিছে
দুষ্ট দুরন্ত ছেলের দলে!
জংলু মংলু তাস খেলছে
কাজে ফাঁকি দিচ্ছে শয়তানে!
দাদাজান হুকিছে ফুরসি হুক্কা,
চৌকাঠে বসে স্মৃৃতি রোমন্থনে!
মা-দাদী রাঁধছেন খিচুড়ি
ঘ্রাণে মৌ মৌ চারিধার!
মেয়েরা সব লুডু খেলছে
কান ঝালাপালা দাদার!
জগলু লাপাত্তা সকাল থেকে
কোন কাননে পাগার পাড়ায়!
পড়ার নামে ছল ছুতোনাতায়
কোন মৌয়ের মান ভাঙ্গায়!
দুপুর গড়িয়ে যায় যে বেলা
বড় সরকার রাগে চিল্লায়!
কোথায় মজলো নালায়েকটা
আসুক বাড়ি আজ ও ব্যাটায়!
এমন সময় বান্দা হাজির
বাবার তোপের মুখের দিকে!
লাঠি হাতে ধেয়ে আসছে বাবা,
জগলু হাওয়া চোখের পলকে!
মায়ের দিকে চোখ রাঙ্গিয়ে,
“এই যে তোমার আস্কারায়;
কুলাঙ্গার টা বখে গেছে,
তবু তুলে রাখো তাকে মাথায়!
একটু পরে ঝড় থেমে যায়,
মা এদিক সেদিক চেয়ে বলে;
“কোথায় গেল পাজি হতচ্ছাড়া,
কভু কি মানুষ হবে না হায়!”
বড় জালি বেত হাতে মা,
সাংঘাতিক অশনি সংকেত!
মাইর থেকে রক্ষা পেতে
একটু ধরতে হবে ভেক!
পিছন থেকে পা টিপে টিপে
আছড়ে পড়লাম মায়ের কাছে!
বেত ফেলে মা ছুটে আসে,
উল্টা নিজেই অশ্রুতে ভাসে!
ঘরে নিবার কালে কেঁদে কেটে বলে,
“অমানুষ তুই! মানুষ হবি কবে?
মরেও শান্তি পাবো না আমি,
যদি তোর সুমতি না দেখি ভবে!”
মা বেঁচে নেই বাবাও নেই,
তাঁরা আছেন মনের খাঁচায়!
বর্ষণমুখর বৈরী হাওয়ায়
তাঁদের স্মৃতি শোকে ভাসায়!
বুধবার, ০৬ মে ২০২০
শাওনাজ, ঢাকা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।