কোন এক বর্ষণস্নাত বিকেল বেলায়
- শিপন আলম

কোন এক বর্ষণস্নাত বিকেল বেলায়
তুমি এসো মোর ভাঙা ঘরে একাকী চুপিসারে
নিন্দুকের চোখ বাঁচিয়ে সকলের অগোচরে।
হয়তো আকাশে তখন ঘনকালো মেঘের আনাগোনা
বজ্রধবনিতে তুমি কম্পিত হবে বারেবার
বিদ্যুতের ঝলকানিতে ঝলকিত হবে তোমার চারিপাশ
হিমশীতল বাতাস ছুঁয়ে যাবে তোমার তনু মন
তখন এসো তুমি আমারি জীর্ণ কুটিরে
হয়তো খাট পালঙ্ক নেই তোমার বসিবার
মলিন তোয়ালে মুছবে তোমার ভেজা অঙ্গখানি
একখানা জীর্ণ শাড়িতে জড়াবে তোমার গা
হয়তো খড়ের চাল চুয়া বৃষ্টিতে তুমি ভিজে একাকার
বুকের উষ্ণতায় জড়াব তোমায় পরম ভালবাসায়।
তারপর কেটে যাবে খানিকটা সময় অবলীলায়
তুমি আমি মত্ত তৃষিত ভালবাসা সিঞ্চনে।
হঠাৎ আকাশে মেঘের বিকট গর্জন
তোমার আমার সহসা সম্বিত ফিরে পাওয়া।
হয়তো খানিকটা শঙ্কিত মনে চেয়ে আছ আমা পানে
পরিনয়ের প্রথম প্রহরের মতোই।
পালাতে চাইছ এক পলকেই আমার ছায়া হতে
কিন্তু বাহিরে তখন প্রবল বর্ষণ, ক্ষণে ক্ষণে বজ্র গর্জন
মুষলধারে ঝরিছে বারি আমাদেরই চারিধারে।
আজি এ বর্ষণস্নাত বিকেলে থাক তুমি আরো কিছুক্ষণ
বেধেঁ নাও ভালবাসার শ্বাশ্বত বন্ধনে মায়াময় এ ক্ষণে
আমার করুণ অনুরোধ তোমার সাড়া দেওয়া
অত:পর খানিকটা খুনসুটি আর আবেগে ভেসে চলা
তোমাতে আমাতে আবার হারিয়ে যাওয়া
প্রবল বর্ষণের মাঝে চলে আমাদের প্রেমালাপ
হাত বাড়িয়ে হাতের মুঠোয় বৃষ্টির ফোটা গোনা।
অত:পর বর্ষণ থেমে গেলে তিমির ঘনিয়ে এলে
শত অনুরোধ উপেক্ষা করে তোমার বিদায় নেওয়া
মোনালিসার হাসি ঠোঁটের কোণে নিয়ে
বারে বারে তোমার পেছন পানে চাওয়া।
তারপর অন্ধকারে তোমার হারিয়ে যাওয়া
সাথে আমার করুণ চাহনিও।
এমনি এক বর্ষণস্নাত বিকেল বেলায় তুমি এসো
তুমি এসো মোর আঙ্গিনায় ভালবাসার উষ্ণ পরশ পেতে
বৃষ্টি ভেজা আমার এ জীর্ণ কুটিরে।


০৩-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।