যদিও বা বৃষ্টি এসেছে আজ
- শিপন আলম

যদিও বা বৃষ্টি এসেছে আজ এ ধরার বুকে
মুষলধারে বইছে আকাশ বাতাস ভারী করে
গাছপালা সব নুয়ে পড়েছে মৃত্তিকা পানে
সদ্য বিবাহিত লজ্জাবতী তরুণী ললনার মতই।
আকাশ কোণে ক্ষনে ক্ষনে আলোর রেখা
প্রবল বজ্র গর্জনে মুখরিত চারপাশ।
ভীত সন্ত্রস্ত কাকগুলি ডানা ঝাপটায় শিমুলের ডালে
জমে থাকা বৃষ্টির ফোটা মুছে ফেলার প্রয়াসে।

যদিও বা বৃষ্টি এসেছে আজি বহুল প্রতীক্ষায়
প্রশান্তির বার্তা নিয়ে মায়াময় এ গোধূলি লগনে
হিম শীতল পরশে শান্ত করতে উষ্ণ এ ধরনী তল।
হয়তোবা খানিকটা প্রশান্ত হয়েছে সে প্রবল বারিস্পর্শে
কিন্তু আমি হয়েছি ততটাই অশান্ত উত্তাল সমুদ্রের মত
তোমাকে কাছে পাবার সীমাহীন ব্যাকুলতায়।
আবেগের প্রবল ঢেউ আছড়ে পড়েছে দুকূল ছাপিয়ে
আমার হৃদয় মাঝে বর্ষার ভরা নদীর মতই।

আজি বৃষ্টি আছে, আছে তার টিপটপ শব্দ
শিমুল ডালে ভেজা দুটো কাক আছে, আছে তাদের ডানার আওয়াজ
আজও সেই জানালার রেলিং আছে, পাশে দুটো চেয়ার আছে
টবে লাগানো গোলাপের চারা আছে, শুধু নেই তুমি
আজি হতে বছর দুয়েক আগে কোন এক অজ্ঞাত রোগে
তুমি হারালে আমার জীবন থেকে চিরদিনের মত
আমাকে একা করে বৃষ্টিস্নাত মায়াময় এ ক্ষনে।
তারপর যতবার শুনেছি আকাশে মেঘের গর্জন
বৃষ্টিভেজা কোন তরুণীর পায়েলের রুনুঝুনু শব্দ
ততবারই খুঁজে ফিরেছি তোমায় একাকী চুপিসারে।
এখনো কালো মেঘের ভাঁজে খুঁজি তোমায়
বৃষ্টির টাপুর টুপুর শব্দে তোমার ছন্দময় পথচলা।
হয়তো তা মিথ্যা, সত্য নয় একদম
মিথ্যার মাঝেই সত্যকে খুঁজে চলেছি অবিরত।
যদিও বা বৃষ্টি এসেছে আজ প্রবল বর্ষণে
শান্ত করতে অশান্ত যত হৃদয়।
পারেনি শান্ত করতে তুমিহীনা তৃষিত এ হৃদয়।


০৩-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।