অবাঞ্চিত সমাজের কথা
- বেঞ্জিন বেঞ্জয়েট
ঘর ছাড়া অপয়া পোড়ামুখী কপালখেঁকী ,
জীবনের মানে সব করে দিলি তুই মেকী " ।
সৎ মায়ের এই অসৎ বাণী শুনছিল মিরা ,
আলোক জীবনের দিকে হয়নি তার ফিরা ।
চৌ'যুগ আগের কথা বড় লম্বা ইতিহাস ,
দুরন্ত এক প্রণয় তার করেছিল সর্বনাশ ।
হররোজ আসিত এক চুড়ির ফেরিওয়ালা
নয়নের ইশারায় তারে করেছিল উতালা ।
ফেরিওয়ালা ছিল যেমন ঘর ছাড়া বিহঙ্গ ,
মন'টা তার সদাই যেন খুঁজে ফিরে সঙ্গ ।
বাবলাতলির মিষ্টি মেয়ে মিরাকে সে দেখে ,
বলল তারে ভালবাসি চোখ ইশারায় ডেকে ।
নবযৌবন মিরার প্রাণে, ভালবাসার ডাকে ,
গলিয়ে পড়ে প্রণয়নদে ভাসতে সে থাকে ।
না জানে তার পয়-পরিচয় না জানে স্থান ,
ভালোবাসার দোহাই দিয়ে দিলো তার প্রাণ ।
এক পক্ষ না যেতেই সে হল বড় দেউলিয়া ,
ঘর থাকি সে পালিয়ে গিয়ে করিলো বিয়া ।
প্রথম রাতেই টের পাইল নাই তার ঘরবাড়ী ,
দ্বিতীয় দিনেই ফিরল ঘরে তাহাকে ছাড়ি ।
গাঁও গেরামের নিচু সমাজ, ঘর ছাড়া দেখি ,
সকল মানব বিপক্ষে তার বসলো একিবেকি ।
সেই থেকে আর হয়নি তার দ্বিতীয় নিকা ,
ঘর আসিলেও পর হয়েছে ললাটভাগ্য লিখা ।
একজনও সে পায়নি তার আপন কোন জন ,
এক ভুলে সে কাঁদলো শুধু সারাটা জীবন ।
বদলে গেছে সময়, বদলে গেছে মিরাও আজ,
বদল হয়নি কেবল সেই অবাঞ্চিত সমাজ ।
অবাঞ্চিত সমাজ কেবল বঙ্গ মাতার কোলে ,
কোটি সন্তান জন্ম দিলেও কপাল না তার খোলে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।