পথ চলা'ই জীবন
- বেঞ্জিন বেঞ্জয়েট
দুঃখকে ভালোবেসে দাঁড় টেনে যাই জীবন নদে ,
সুখ সুখ করে জীবন ভরে দাঁড়ী রই ভব মসনদে ।
যত ঢেউ আসে ঝড়ো বাতাসে রুধি বৈঠার ঘাতে ,
ভাঙ্গাগড়ার খেলা চলে সারাবেলা জীবনের সাথে ।
পাল তুলি ধীরে বারেবার ছিঁড়ে পারিনা ঠেকাতে ,
ভীরু চোখে দেখা জীর্ণ লেখা এই ললাট রেখাতে ।
যতবার রুধি ভাঙাগড়া নিরবধি সাদা কালো পটে ,
যত বাঁধি আশা দিয়ে ভালবাসা ক্ষণান্তে চ্যুতি ঘটে ।
তবু আশা রহে বুকে যদিওবা ধুঁকে ধুঁকে নীলাম্বরে ,
সুখ দুখের ফেরারি প্রীত আহাজারি এ বুকের 'পরে ।
দুখের মাঝে হাসি যদিও আঁধারবাসী জীবিতাশা যে ,
আঁধার করি আলো লাগে বেশ ভালো অঙ্গটা ভেজে ।
জোনাকির কাছে শেখা নিশীথে দেখা নির্জন রাতে ,
আপনা অঙ্গ পুড়ে ভবানী ঘুরে শূন্য জুটেছে বরাতে ।
পাহাড়ের নিকট শিখেছি প্রকট, নীরব নয়ন ঝরাতে ,
বুকের যন্ত্রণা কলুষ কু-মন্ত্রণা নিভৃতে দূরে সরাতে ।
আকাশের কাছে শেখা বৃহত্তম দেখা ধরার সব'খান ,
যত আসুক ঝড় আলোকে করে ভর ঘটাই অম্লান ।
শেখায়েছে স্রোতস্বিনী হতে মায়াবিনী উদারতা বুকে ,
আসুক যত জঞ্জাল করিয়া সামাল দুঃখ রাখি লুকে ।
আঘাত পিছে ফেলে দু'আঁখি মেলে চলি সম্মুখ পাড়ে ,
পথ চলাই জীবন আসিলে মরণ, জীবন বলেনা তারে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।