হেলে দোলা জীবনের ছন্দ
- বেঞ্জিন বেঞ্জয়েট
দু'ফোটা জল এলেই জীবনের ছন্দ যায় যে থেমে ,
বিভীষিকাময় জীবন তব কেটে যায় ঘেমে ঘেমে ।
স্বপ্ন জানি বড় ক্ষুদ্র, তারচেয়েও ক্ষুদ্র জীবন লগ্ন ,
এলোমেলো পবনে মানসপটের স্বপ্ন হয়ে যায় ভগ্ন ।
বাঁচিবার ওঠে মুখে শত আর্তনাদ খুঁজে ফিরি আশ্রয় ,
সমুদ্র বুকে একটি শ্যামল পত্র লাগে জানি মহাশয় ।
পিঁপড়ের জীবন আমার, খোঁজে সুখ পাতার 'পরে ,
সেখানে কতটুকু স্বপ্ন'ইবা জীবনকে ঘিরে ভর করে ?
তবু তা লেপে যায় বাতাসের দেহে উড়ে যায় গগণে ,
একটু বাঁচিবার তরে কেটে যায় লগণ দহনে দহনে ।
তবু যেন আশা বড় হীন জীবনটা ক্ষীণ লগ্নে দোলে ,
বাঁচিবার দীর্ঘশ্বাস শুষে নেয় বাতাস অদৃশ্যের কোলে ।
কল্লোলে কল্লোলে ডুবিলাম জলে নিষ্ঠুর দয়িত তিনি ,
মরার আগে ক্ষীণকাল বাঁচার সাধ রাখলেন'না উনি ।
জাগে বড় ক্ষোভ, আশা ছিল খুব এ ধরায় থাকিতে ,
জীবনের স্বপ্ন কিছু করিয়া উঁচু নিচু এ ভবে রাখিতে ।
হয়নি তার কিছুই পূরণ মিলেনি সমীকরণ নন্দনে ,
একখণ্ড ভালোবাসা একখণ্ড আশা থাকিল'না বন্ধনে ।
এতো শখের সৃষ্টি তার তবু যেন নেই দাম এক তিল ,
আজ ভালো আগামীকাল গিলে খাবে সাগরের নীল ।
কে বলিতে পারে জীবনের কিবা মানে... ?
মুহূর্তের নেই আশ তবু কেন সে এতো স্বপ্ন আনে ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।