রচনা আমার
- সুদীপ তন্তুবায় নীল

মুক্তকেতে মুক্তি অটুট
নাই কো কোনো বাধা,
তাই তো আমার মনের কথা
বয়েই চলে সিধা ।
স্বরবৃত্তে লেখা আমার
সাবলীলে চলে,
কান্না হাসি টুকরো স্মৃতি
যায় যে হেলে দুলে ।
কলাবৃত্তে গীতিকাব্য
রচি সন্ধ্যাবেলা,
ছন্দে সুরে ভাবনাতে
অন্তমিলের খেলা ।
দুপুর রাতে মিশ্রবৃত্তে
সনেট তব রচি,
চৌদ্দ চৌদ্দ মিল খাওয়াতে
কতই লিখি মুছি ।
হাতে যখন নেইকো সময়
গদ্য পাখা মেলি,
সাজিয়ে যে যতন করে
কাব্যিকতা ঢালি ।
কখনো বা ভাবি আমি
নতুন ধারা গড়ি,
সেই ধারাতে লিখব আমি
রাত্রি দুপুর ধরি ।
অনেক কিছু ভাবি আমি
ভাবনারা চলে,
স্বরবৃত্তে রচিলাম এ
কাব্য হেলে দুলে ।

রচনা : ২১/০৬/২০১৩


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।