হারানো আংটি
- শিপন আলম

কাল পর্যন্তও সে আমার সাথে ছিল
এমনকি নদীতে আজ ডুব সাঁতার খেলার সময়ও
এখনো তার অস্তিত্ব টের পাই
বাম হাতের অনামিকায়
যেমনটি স্বর্ণলতা থাকে রসালকে জড়িয়ে।

বেলা দ্বিপ্রহরে আজি যখন মৃদু তন্দ্রাচ্ছন্ন হলাম
বড্ড ভারি মনে হলো তার ভালবাসাকে
আলতো করে খুলে রাখলাম বিছানার পাশে
প্রেমালিঙ্গন হতে মুক্ত করে।
তারপর শয্যা হতে উঠে অন্য কোন কাজে
মজেছিনু অনেকটা সময় গভীরতর ধ্যানে
সম্বিত ফিরলেই চাইলাম আঙুলের ফাঁকে
দেখি সে নেই
পাশে থাকার আশ্বাসে বুঝালাম মনটাকে
খুঁজলাম এদিক ওদিক তন্ন তন্ন করে
আমিসহ পরিবারের সবাই
কিন্তু সে নেই, কোথাও নেই।

দশটি বছর সে ছিল আমার সাথে
পরম যত্নে রেখিলাম তারে
আমি ও আমার সহধর্মিণী
আমাদের নতুন জীবনে পদার্পণের
রাজ সাক্ষী করে
কিন্তু আজ সে নেই, আছে নিশ্চয়ই কোথাও
কোন এক গোপন কোঠরে
তার জায়গা করে নিয়েছে নিশ্চয়
আমার থেকে ভালো কোন জায়গায়
ভালো কোন অনামিকায়।

জীবন থাকে না থেমে
বয়ে চলে অবিশ্রান্ত খরস্রোতা নদীর মতো
যেখানে যা পায় তাকেই আঁকড়িয়ে ধরে
মাকড়সা জালের মতো
রচনা করে কত শত স্মৃতি
কত শত সুখের আলাপন।
তারপর একদিন সব সাঙ্গ করে
মনকে বিষাদে ভরে হারিয়ে যায় সে
দূরে বহুদূরে চেনা ভুবন থেকে অচেনা ভুবনে
সদ্য হারানো আমার এই আংটিটির মতোই।


১৩-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।