আজি হতে এক যুগ আগে
- শিপন আলম
আজি হতে এক যুগ আগে
যখন পরনেতে ছিল কালো প্যান্ট, সাদা শার্ট
পায়েতে ছিল লম্বা ফিতাওয়ালা কালো সু
কাঁধেতে ছিল লম্বা ঝুলানো স্কুল ব্যাগ
কালবৈশাখী ঝড়ের মতই তুমি এসেছিলে আমার জীবনে
দমকা হাওয়ায় দুলিয়েছিলে আমার তনু মন।
অতঃপর খানিকটা প্রেম বারি বর্ষণে শীতল করেছিলে
আমার প্রেমহীন অশান্ত হৃদয়
শ্রাবণের সীমাহীন বর্ষণের আগেই তুমি নিয়েছিলে বিদায়
আমার জীবন হতে কোন এক কাক ডাকা ভোরে।
তোমারি বিরহে অতঃপর দিশেহারা আমি
কাটিয়েছি কত দীর্ঘ রজনী নিশাচর নিদ্রাহীন বিহঙ্গের মতো
বাতাসের শোঁ শোঁ শব্দে, পাখির কলকাকলিতে
বারবার খুঁজেছি তোমায় আমার চেনা ভুবনে
অন্ধকার নিশীথে, চাঁদ তারা আর আকাশের সাথে কথা বলে।
আজও খুঁজে ফিরি তোমায় সূর্যোদয় ও সূর্যাস্তে
খর উত্তাপ দিবসে, প্রগাঢ় অন্ধকার রজনীতে।
শুচি-শুভ্র, সুন্দর, অনাবিল যে ভালবাসার বীজ
বপন করেছিলে তুমি আমার হৃদয় ক্ষেত্রে
তা আজও তোমার কথাই বলে অবিরত
তোমার কারণেই সুন্দর হয়েছি আমি,
সুন্দর হয়েছে আমার অগোছালো জীবন।
২২-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।