মাকাল ফল
- কেয়ন ইমরান
স্বার্থ সিদ্ধির তরে মানুষ ছোঁটে বনে,
লঙ্কা কান্ড বাঁধায় সামান্য বিষয় নিয়ে।
সমাজের মানুষ যত সুবিধা ভোগের তরে,
প্রয়োজনে মাতাল হয়, নিশিতে সরাব পিয়ে।
রিক্ত অসহায় যদিও দাঁড়ায় দুয়ারের সামনে,
সেদিকে লক্ষ্য নেই, উদাস অপ্রয়োজনের দিকে।
আপনার খেয়ালে মাখে রং সন্ধানে মুক্তা,
কখনও শেখায় কাজ বউকে মেরে ঝিকে।
সময়ের সন্ন্যাসী হয়ে গায়ে মাখে ছাই,
রুদ্রাক্ষী গলায় দিয়ে ত্রিশূল হাতে ধরে
চলে জানা পথে এ যুগের নিতাই।
লেবাসে ব্যক্তি আগে কর্ম হবে পরে।
সত্য কথা বলে যদি কেউ আবার
তেলে আর বেগুনে জ্বলা দেখবে ফ্রিতে,
চোখে মুখে হিংস্র শিকারী কথাতে মধু
ভূক্তভোগী উষ্ণতা পাবে পৌষের প্রচন্ড শীতে।
পোদ্দারের পিছে আছে এ সমাজের মোসাহেব,
মিছামিছি লুটোপুটি খেলবে গায়ে লাগাবে ধূলা।
বোঝাবে কত ভালোবাসি, দেহ দিতে রাজি,
করবে না জীবন নষ্ট এক তুলা।
আপনার পিতার মিলাদ না হলে কি
নেতার বাবার শ্রাদ্ধ জুটবে মহা ধুমধামে।
যদি মিলে যায় ইনাম সেই আশায়,
ডানের ধন দুই সিকি ফেলবো বামে।
রুগ্ন ভগ্নস্তূপের দেওয়ালে যদি রং জোটে
আঙুল ফুলে কলাগাছ- ঠেকায় তখন কে?
কথার তেলে ডুবিয়ে দিতে ব্যর্থ নই।
বেচতে রাজি আপনার তরে আশ্রম মাকে।
আগে চাই সম্পদ, চাই না সম্মান।
সম্পদ আসার সাথে সাথে সম্মানও আসবে।
ন্যায় আর অন্যায় দূর হোক পবনে-
একদিন অর্থের কারণে মাথা এসে দাঁড়াবে।
নীল নকশার ফাঁদে সমাজকে করে বন্দী
অজুহাতে অনাচার করে বৈধ বিচরণ স্বাধীন।
সমাজের তরে গড়া আইন আপনাতে ব্যর্থ-
হাসি পায় তখনই দেখি যবে পরাধীন।
বিবেকের আয়নায় দেখি না আপনার বদন
সত্য-ন্যায়ের সংসারে না রাখি আতাত।
মন পঁচার গন্ধ নাসিকায় পৌঁছায় না
বিবেক মোড়া রাবারে লাগে না আঘাত।
স্বার্থে আঘাত পেলে আপন হয় পর।
আচার-ব্যবহার বদলায় অর্জনে ঊর্ধ্ব আসন।
মাটিতে পড়ে না পা, থাকে গৌরবে।
পরিধান করে সর্বময় উজ্জ্বল শুভ্র বসন।
সৌন্দর্যে অপরূপ দেখতে চাকচিক্য মাকাল ফল।
সমাজের মাথা হয়ে করে নিরব অপরাধ।
কথায় কথায় ওয়াদা করে জনগণের সান্ত্বনায়, ভাবি-জোয়ার এলো ভেঙ্গে সকল বাঁধ।
০৩-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।