মৃত্যুর রং-
- মোমেন চৌধুরী

একদিন, আমিও হবো নিঃসঙ্গ,
তোমার স্মৃতির মলিন শীতলতায় জড়াবো বিতণ্ডায়।
আকাশে উড়বে আশ্বিনের পথ ভুলে যাওয়া পাখি,
নদীর তীরে লাশেদের বসবে এক মৌন হাট।

লাল, নীল, সাদা, কালো,
মৃত্যুর কি কোনো রং হয়?
নাকি সব রং মিশে যায় মাটির বুকের গভীরে,
যেখানে শেষ ঠিকানার গন্ধে ফোটে মৌন চন্দন।

একবেলা উপোসে পেটের ক্ষুধা কাঁদে,
দুইবেলা উপোসে চোখ হারায় স্বপ্নের আলো।
তিনবেলা উপোসে মানুষ বদলায় তার ঠিকানা,
তবুও লাশ পাহারায় জ্বলে মোমের স্নিগ্ধ আলো।

নদীর ঢেউ কি জানে, কত কান্নার ভারে সে বয়ে চলে?
জন্ম আর মৃত্যু, দুটি ভিন্ন উৎসব—
কিন্তু মাঝখানে লুকিয়ে থাকে ব্যথার গভীর নিঃশ্বাস।

ফাগুনেরা মদে ডুবে ভুলে যায় চিরন্তন প্রেম,
অন্যদিকে রাত্রির পরিসরে জমা হয় মোমের পুঞ্জ।
কেউ কাঁদে, কেউ হাসে, কেউ বিকোয় আত্মার টুকরো,
তবু জীবনের নাম—কেবল টিকে থাকার লড়াই।

রাত্রির পথে ছিনতাই হয় বেঁচে থাকার অধিকার,
মুদি দোকানি ফিরে যায় খালি হাতে,
মাঝপথে পড়ে লাশ, জমা হয় নদীর কোলে।
মৃত্যুর নাম হয় বেনামী, শেষ হয় দাফনের শ্বাস।

তবুও মানুষ বাঁচে মানুষের জন্য,
তবুও নদী বয়ে চলে সকল দুঃখ সঙ্গী করে।
এবং, আলো নিঃশেষ হয়, শুধু অন্যকে আলোকিত করতে।
মৃত্যুর রং কি থাকে? নাকি শুধু এক অনন্ত শূন্যতা?


১২-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।