লক্কড় ঝোঁকর
- বেঞ্জিন বেঞ্জয়েট
সমাজ নামক অচল গাড়ী চলছে ঢুকুর ঢুকুর ,
সেই গাড়ীর পরিচালক শিয়াল শকুন কুকুর ।
গাড়ীর যাত্রী শ্যামল বর্ণের রামছাগল, ভেড়া ,
বুদ্ধি শুদ্ধি নেইকো কিছুই গুঁতোগুঁতির সেরা ।
নিজের তরে নিজের বংশে মারে শিঙের গুঁতা ,
গুঁতা খেয়ে অপরজন ছুঁড়ে মারে পায়ের জুতা ।
শিয়াল মামা মুচকি হাসে তাদের কাণ্ড দেখে ,
কারে আগে খাবে সে তালিকা রাখে লেখে ।
শকুন কুকুর আশায় থাকে মরে গেলে তারা ,
খাওয়ার তরে লেজ উঁচিয়ে হবে আগে খাঁড়া ।
ভোজন লীলায় চালায় গাড়ী আখাটা পথ দিয়ে ,
বেহুঁশ সকল ছাগল ভেড়া নিজ কোন্দল নিয়ে ।
আপথ দিয়ে চলে চলে গাড়ীর হায়াত সারা ,
কখন যেন দম ফুরিয়ে পথেই যাবে সে মারা ।
বিয়ারিং বুশ লজেন পিস্টন সব গিয়েছে ক্ষয়ে ,
রিপেয়ারিঙে কেউ নেই, আছে সব লীলাময়ে ।
ক্ষুধায় পেলে শিয়াল মামা হুলে কামড় দেয় ,
তৃপ্তির ঢেঁকুর তুলতে জোরে পাকথলিতে নেয় ।
চাপায়চুপায় মারা গেলে শকুন কুকুর টানে ,
তৃপ্তির ঢেঁকুর তুলে তারা মত্ত থাকে গানে ।
এমন করেই দিন চলে যায় লক্কড়ঝোঁকর করে ,
ছাগলভেড়া ভোজহীন শিয়াল থাকে উদর ভরে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।