অদেখা অনুভবে-
- মোমেন চৌধুরী
অটবির নিবিড় ছায়া ভেদ করে
এক টুকরো নরম আলো যখন
ঝরে পড়ে কচি পাতার বুকে,
তখন মাটির ঘ্রাণে মাখা সবুজ দোল খায়।
কাঁচা সোনার রঙে ঝলমলে সেই পল্লব,
অতীতের কোনো লুকানো সুখ যেন ফিরে আসে।
রোদ আর ছায়ার এই নীরব মিলনে,
পথের বাঁকে ফুটে থাকা বেগুনি ঢোলকলমি,
নিভৃতে বিলায় তার রঙের আবেশ,
অযাচিত ভালোবাসার মতো—
অক্লান্ত, নির্লোভ।
মাচার শীর্ষে ঝুলে থাকা লাউয়ের ডগা
হাওয়ায় দোলে ছন্দের সুরে,
আর আমি তাকিয়ে থাকি বিস্ময়ে—
এ কি শুধুই জীবন, নাকি সৃষ্টির এক অলিখিত কবিতা?
দিনেরা গলে যায় রোদ-ছায়ার আলিঙ্গনে,
রাতেরা ঘুমিয়ে পড়ে নক্ষত্রের চাদরে।
তবু আমার মনের গহীন কোণে—
তুমি লতিয়ে থাকো নীরবে,
অদেখা অথচ অনুভবযোগ্য।
তোমার উপস্থিতি নেই, তবু ঘ্রাণে ভরে যায় বাতাস।
তোমার ছোঁয়া নেই, তবু শরীর জুড়ে শিহরণ।
দূরত্বের প্রাচীর অতিক্রম করে তুমি আমার চারপাশে,
মনের প্রতিটি কোণে রেখে যাও এক অমোঘ চিহ্ন।
এই ছোট্ট জীবনের প্রতিটি ক্ষণ যেন
তোমার নামে বাঁধা পড়ে।
তুমি আছ, নেই—তবু আছো।
প্রকৃতির সবুজে, রোদের ঝলকে,
বাতাসে ভেসে থাকা এক বিমূর্ত সুর হয়ে।
১৭-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।