আমি কি নাস্তিক?
- মোমেন চৌধুরী

আল্লাহ , এবার আমাকে কষ্ট দাও,
যে কষ্টে বাঁচার অর্থ পাই।
অসীম শূন্যতার মাঝে আমায় ফেলো,
যেখানে প্রতিটি নিঃশ্বাসে ভরে উঠবে জীবনের ছায়া।

আমি কি নাস্তিক?
তাহলে আমার ঈশ্বর কে?
আমি কি আস্তিক?
তবে কেন খুঁজে পাই না তাঁকে?

সক্রেটিসের নীরব মৃত্যুদণ্ড,
আমাকে শিখিয়েছে প্রশ্নের মূল্য।
আমি চাই, সেই ঈশ্বর,
যিনি পৃথিবীর ধুলোয় বসে
আমার শূন্যতাকে পূর্ণ করবেন।

আমি মসজিদে হাঁটি,
মন্দিরের ফুলে মন বাঁধি,
চার্চের ঘণ্টাধ্বনিতে শোনার চেষ্টা করি
ঈশ্বরের নিঃশব্দ উত্তর।
আমি মঠে মাথা নুইয়ে,
একটি শান্তি খুঁজতে থাকি,
যা সব প্রশ্নকে স্তব্ধ করবে।

তবু, আমি মুসলিম—
যেখানে ভিন্ন ধর্মঘাতী আমার শত্রু।
আমি হিন্দু—
যেখানে জাত মানাই পবিত্রতা।
আমি খ্রিস্টান—
যেখানে স্বর্গের প্রতিশ্রুতিতে গাঁথা সুখ।

আমি নাস্তিক,
আমার কোনো প্রার্থনা নেই।
তবু, আমি প্রতিটি ধর্মের আলোয়
একটি প্রশ্ন রেখে যাই:
"কোথায় সে সত্য, যা আমাদের এক করে?"

স্বর্গ, নরক, কিংবা পবিত্র বই—
এরা সবই মানুষের গল্প।
আমি চাই, এমন এক ঈশ্বর,
যিনি গল্পের ঊর্ধ্বে,
যিনি ভালোবাসার বাইরে নন।

আমার কোনো স্বর্গ নেই,
নরকের আগুনও আমায় ছুঁবে না।
আমার ঈশ্বর নেই,
তবু আমি বেঁচে আছি—
জীবনের প্রতিটি কষ্টে,
প্রতিটি আনন্দে,
নিঃশব্দে প্রার্থনা করি।

তোমার কাছে, হে ঈশ্বর,
আমি চাই কেবল—
একটি ভালোবাসার স্পর্শ,
যেখানে কষ্টও হবে পবিত্র।


১৯-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।