তোমার ছায়ায় লুকোচুরি-
- মোমেন চৌধুরী
অন্ধকারের এক কোণে বসে,
নিজের সাথে একা লুকোচুরি খেলি।
অসীম আকাশ নুয়ে আসে,
আমার শূন্যতাকে ছুঁতে।
তোমাকে পেলে হয়তো শুদ্ধ হতো এই জীবন,
কল্পনার কান্নায় জড়িয়ে থাকত আনন্দের স্পর্শ।
আজন্ম এই চাওয়ার খেলায়,
রক্তে বয়ে চলে আদিম নেশার স্রোত।
তোমার ছায়ায়, তোমার শ্বাসে
নিজেকে বারবার চুরি করতে চাই।
তোমারও কি একই রকম চাওয়া?
তোমারও কি ইচ্ছে করে
এই দোলনাটা দোলাতে, আমার পাশে বসে?
সময় বলার জন্য ছিলো অনেক কথা,
তবু, বুকের ভেতর কষ্টের আগুন জ্বলে,
যা বলা হলো না—
যা হয়তো আর কোনোদিন বলা যাবে না।
তোমার চোখে হারিয়ে যেতে ইচ্ছে করে,
এই জন্মেই তোমার মাঝে মিশে যেতে চাই।
তোমাকে পেলে আমি হবো ধবল সাদা,
মানুষ হবো, শুদ্ধ হবো, তোমার স্পর্শে।
তুমি কি আমায় সাথী করবে?
তোমার ছায়ায় নিজেকে লুকাতে দেবে?
এই শহরের ভিড়ে আমি অচেনা,
তবু তোমার পায়ের চিহ্ন রেখে যেও,
যেন সেই পথে আমি নিজেকে খুঁজে পাই।
এই আঁধারের এক কোণে,
নিজের সাথে, তোমার স্মৃতির সাথে
লুকোচুরি খেলি—
যতক্ষণ না তুমি এসে ছুঁয়ে দাও।
১৯-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।