তোমার সুখে আমি সুখী-
- মোমেন চৌধুরী

তোমার সুখে আমি সুখী,
তোমার হাসিতে জেগে ওঠে
আমার ধুলো-ধূসর ভোর।
তুমি রাজরাণীর কেতন উড়াও,
তোমার জানালায় ঢুকে পড়ুক
শিউলি মাখা শান্তি-হাওয়া।

আমার পুরনো গল্প ছুঁয়ে
তোমার চোখ ভিজবে না, জানি,
তবু এই পোড়া শহরের বুকে
আমি আজও একলা দাঁড়িয়ে দেখি—
তুমি সুখী!
তোমার হাতে রেশমি শাড়ি,
তোমার পায়ে সোনার নূপুর,
তোমার কপালে আলোর টিপ,
আমি চাই, তুমি হাসো—
এই আশীর্বাদেই বাঁচি।

স্টেশনের ও-পারে
একদিন আমি কিনতে গিয়েছিলাম
এক জোড়া নূপুর তোমার জন্য,
ফিরতে গিয়েই দুই পায়ে
হারিয়ে ফেলেছি চলার ছন্দ।
তুমি বলেছিলে—
"থাকো, তোমার পচা পা নিয়ে,
আমি চললাম!"
তবু আজও তোমাকে ঘৃণা করিনি,
কেন জানো?
কারণ ভালোবাসা গাছের পাতার মতো ঝরে না।

শুনেছি, তুমি এখন সুখে—
তিনতলা বাড়ির জানালা দিয়ে
আকাশ দেখো,
দুটো নরম হাত
তোমার গলা জড়িয়ে ধরে ডাকে— "মা!"
অভাব নেই, দুঃখ নেই,
শুধু রোদ উঠলেই জানালায় দাঁড়িয়ে
একটু কি আমায় মনে পড়ে?

আমি এখন মৃত্যুর অতিথি,
অতীতের অক্ষরগুলোর নিচে চাপা পড়েছি।
কর্কটের গাঢ় অন্ধকারে
আমার দিন ফুরিয়ে আসে।
দরজায় কড়া নাড়ে নিঃসঙ্গতা,
আর জানালায় বসে থাকে কয়েকটা মাছি,
যারা জানে— আমি বিদায়ের অপেক্ষায়।

তবু একটিবারও বলব না—
"এসো, একবার দেখে যাও।"
কিংবা গ্লাসে জল তুলে দাও শেষ চুমুকের জন্য।
না, চাই না আমি,
তোমার চোখের সুখের ঘুম
ভেঙে যাক আমার জন্য।
তুমি থাকো, যেমন আছো—
সুখের রাজপ্রাসাদে,
তোমার সুখেই আমি সুখী!


২৯-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।