সমর্পণের বসন্ত-
- মোমেন চৌধুরী

সমর্পিতা, বসন্তের প্রথম আলোয়
তোমার ছায়া মিলিয়ে গেল চেনা গন্তব্যে।
শেষরাতের ট্রেনের হুইসেল
বসন্তের বাতাসে লিখে রাখল বিদায়ের প্রতিধ্বনি।
পত্রকলির শিরায় শিরায় আজও
তোমার হাতছোঁয়ার উষ্ণতা রয়ে গেছে,
তবু তুমি নেই, কেবলই শূন্যতা ভাসে।

তুমি কি নও নর্দান পিনটাইল?
এক বুক শীতল হাহাকার নিয়ে
আমার হৃদয়ের মরুমেঘে
সাময়িক উষ্ণতার বদ্বীপ খুঁজেছিলে?
তোমার পলক ফেলার নরম ছোঁয়ায়
বিকশিত হয়েছিল কুসুমকলির ঠোঁট,
তোমার গোধূলি-আলিঙ্গনে
লজ্জাবনত হয়েছিল চন্দ্রমুখ,
তোমার নিশ্বাসের গভীর চন্দন-ঘ্রাণে
জ্বলে উঠেছিল মোমবাতির শরীর!

সময়ের পেন্ডুলাম থেমে আছে
এক অবিচল, নির্বাক বিকেলে,
যেখানে তুমি একদিন
ভালোবাসার শিকড় বুনেছিলে।
কিন্তু বসন্ত কি প্রতীক্ষায় থাকে?
নাকি তারও সীমাহীন সংশয়?
ইতিহাস কি সত্যিই ফিরে আসে?
নাকি শুধু রয়ে যায়
এক ব্যর্থ প্রত্যাবর্তনের ছায়া?

সমর্পিতা,
তুমি ভুল করে ভালোবেসেছিলে,
আর আমি?
আমি ভুলেও ভুলতে পারিনি।


*বিশেষ দ্রষ্টব্য বিভিন্ন শাস্তি পাও নি তুমি?


০৫-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।