প্রিয় হুজুর এবং আমি -১৪তম অংশ
- মোমেন চৌধুরী

সেদিন রাতের প্রতিজ্ঞার পর থেকে মনে হচ্ছিল, আমি সত্যিই বদলাতে পারছি। কিন্তু জীবন কি এত সহজেই বদলায়?

নতুন পরীক্ষা

পরদিন সকালে মাদ্রাসায় যাওয়ার পথে হঠাৎই একজন পুরোনো বন্ধু সামনে এসে দাঁড়াল। সে সেই বন্ধুদের একজন, যারা আমাকে আগের দিন অপমান করেছিল।

— "তোর কি মাথা ঠিক আছে? কিরে, এত ভালো হওয়ার চেষ্টা কেন? তুই তো আমাদের মতো ছিলি!"

আমি মৃদু হেসে বললাম, *"মানুষ কি কখনো বদলাতে পারে না?"

— "হুমম… কিন্তু তুই কি আসলেই বদলাতে পেরেছিস? ধর, কেউ তোকে আবার অপমান করল, তখন কি তুই নিজেকে সামলাতে পারবি?"

তার কথায় কিছুটা চুপ হয়ে গেলাম। সত্যিই, আমি কি পারবো?

ঠিক তখনই মনে পড়ল হুজুরের কথা— "নফসের সঙ্গে লড়াই সহজ নয়, তবে প্রতিবার নিজেকে সংযত করতে পারলে তুমি আরও শক্তিশালী হবে।"

আমি গভীর শ্বাস নিলাম, বললাম, "সময়ই সে উত্তর দেবে, কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাবো।"

সে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর হেসে বলল, "দেখি, কতদূর যেতে পারিস!"

হুজুরের পরামর্শ

সন্ধ্যায় মাদ্রাসায় গিয়ে হুজুরকে সব বললাম।

তিনি হাসলেন, "মোমেন, মনে রেখো, তোমার পরিবর্তন সবার পছন্দ হবে না। কিছু মানুষ তোমাকে আবার সেই পুরোনো অবস্থায় নিয়ে যেতে চাইবে। কারণ তারা নিজেরা বদলাতে চায় না, তাই অন্যদের বদলানোও সহ্য করতে পারে না।"

আমি বললাম, "কিন্তু হুজুর, আমার নিজেরও মাঝে মাঝে মনে হয়, আমি পারবো তো?"

তিনি কুরআনের একটি আয়াত পড়ে শোনালেন—

‘আর যারা আমার পথে সাধনা করে, আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করবো।’ (সূরা আনকাবুত: ৬৯)

— "তুমি শুধু চেষ্টা করে যাও, আল্লাহ তোমাকে সাহায্য করবেন।"

আমি গভীরভাবে ভাবতে লাগলাম। সত্যিই তো, পরিবর্তন কঠিন, কিন্তু অসম্ভব নয়। আমি যদি ধৈর্য ধরতে পারি, তাহলে একদিন সত্যিকারের মুমিন হয়ে উঠতে পারবো।

নিজেকে প্রমাণের সময়

পরদিন আবার একটি পরীক্ষা এল। আমি রাস্তায় দাঁড়িয়ে ছিলাম, তখন পাশের কয়েকজন ছেলে আমাকে ব্যঙ্গ করতে লাগলো—

— "এই যে মোল্লা সাহেব, নতুন ফেরেশতা!"

আমার নফস বলছিল, কিছু একটা বলে দেই! কিন্তু মনে পড়ল— আমি কাকে খুশি করতে চাই? মানুষকে, নাকি আল্লাহকে?

আমি চুপচাপ এগিয়ে গেলাম, একবারও পেছনে তাকালাম না।

মনে হলো, আমি নফসের সঙ্গে আরও একটি যুদ্ধ জিতে গেলাম…

চলবে…


১১-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।