অধরা, আমি ভালো নেই
- মোমেন চৌধুরী
অধরা,
অসংখ্যবার ভাবিয়াছি, ফিরিয়া আসিব,
অভিমানের শৃঙ্খল ছিন্ন করিয়া
তোমার দ্বারে দাঁড়াইব বিনীত হইয়া।
যে পথে হারাইয়া গিয়াছিলাম,
সেই পথেই খুঁজিয়া ফিরিব ফেলে আসা দিন,
কিন্তু সে পথ আজ বড়ই অপরিচিত,
পরিচিত সেই স্মৃতির প্রান্তর আজ মরীচিকা মাত্র।
কোন পথে গেলে তুমি ডাকিবে আমায়?
কোন বাক্যে ভাঙিবে নীরবতার প্রাচীর?
আমি খুঁজিয়া ফিরি, তোমার করুণার ছায়া খুঁজি,
কিন্তু কালের চোরাগলির পরতে পরতে
আমার বয়স কেবল গড়াইয়া যায়,
তোমার নিকট প্রত্যাবর্তন আর সম্ভব হয় না।
অধরা,
আমি ভালো নেই!
অভিমান আর অহংকারের শূন্য খেলায়
আমার হৃদয় দগ্ধ হইয়া নিঃশেষ হয়,
বক্ষে এক উন্মত্ত ষাঁড়
দিগ্বিদিক ছোটে ব্যথার ঝঞ্ঝা লইয়া।
আমি দৌড়াই এক ভুল ঘুড়ির পশ্চাতে,
যাহা কভু ধরা দিবে না আমার হাতে।
আমি ভালো নেই, অধরা!
আমার দিন কাটে দীর্ঘশ্বাসের অন্ধকারে,
আমার রাত্রি কাটে শূন্যতার বিছানায়।
অভিমানীজন কভু সুখী হয় না,
অভিমানীজন কবি হইয়া যায়,
আর কবিদের কেহ ভালোবাসে না!
২৩-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।