আমার না হওয়া শুধু তুমি ১ম
- মোমেন চৌধুরী
নাম কি?
— মোহাম্মদ মোমেন।
ইতিহাস বুঝ?
— মিথ্যে মনে হয়।
ধর্ম?
— বিশুদ্ধ বিশ্বাস।
ভালোবাসা বলতে কি বুঝ?
— ধর্ম।
ভালোবাসো?
— হ্যাঁ।
ভালোবাসলে কেউ ফুল আনতে ভুলে যায়?
— তোমায় দেবার মতো ফুল পাইনি। বাজারের কোন ফুল তোমার চেয়ে সুন্দর নয়।
সে চুপ করে তাকিয়ে রইল। চোখে প্রশ্ন, ঠোঁটে অভিমান। হয়তো ভাবছে, ভালোবাসার মানুষ কি সত্যিই ভুলে যেতে পারে? আমি কি এতটাই তুচ্ছ, এতটাই অবহেলিত?
আমি তার চোখের ভাষা পড়তে পারছিলাম। এক মুহূর্তের জন্য মনে হলো, আমি হেরে গেছি। অথচ, আমি কি সত্যিই ভুল করেছি?
তার দিকে এক পা এগোলাম। বললাম,
— ফুল কি শুধু বাজারেই পাওয়া যায়?
সে কিছু বলল না।
আমি পকেট থেকে হাত বের করে তার সামনে বাড়িয়ে দিলাম। আমার হাতের তালুতে রাখা ছিল একটা শুকনো পাতা—হলুদ, মলিন, তবু বেঁচে থাকা এক টুকরো সৌন্দর্য।
— এটা কী?
— ভালোবাসা।
সে অবাক হয়ে তাকিয়ে রইল। আমি হাসলাম।
— তুমি কি জানো, এই পাতাটা যেখানে পড়েছিল, সেখানেই আমি প্রথম তোমায় ভালোবেসেছিলাম?
তার চোখে এবার বিস্ময়। হয়তো কিছুটা নরম অভিমানও। সে পাতাটা নিয়ে হাতের তালুতে রাখল। মৃদু স্বরে বলল,
— তাহলে এটা বাজারের ফুলের চেয়েও দামি...
আমি মাথা ঝাঁকালাম।
সে তাকিয়ে থাকল পাতাটার দিকে। আমি তাকিয়ে রইলাম তার দিকে।
শহরের আলো ম্লান হয়ে আসছিল। তবে আমাদের মাঝে তখনও ভালোবাসার আলো জ্বলছিল নিভৃতে, নিরবধি...
২৪-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।