আমার না হওয়া শুধু তুমি -৩য়
- মোমেন চৌধুরী

সে হাতটা বাড়িয়ে দিল। পাতাটা ধীরে ধীরে আমার হাত থেকে তার হাতে চলে গেল, ঠিক যেনো কোনো প্রতিশ্রুতি আদান-প্রদান হলো নীরবে।

আমরা দুজনেই চুপ। চারপাশ নিস্তব্ধ। শুধু হৃদয়ের শব্দগুলো একে অপরের মাঝে প্রতিধ্বনিত হচ্ছিল।

আমি তাকিয়ে রইলাম তার চোখের দিকে। গভীর, শান্ত, অথচ এক অদ্ভুত উষ্ণতায় ভরা।

সে মৃদু হাসল।

— যদি একদিন সবকিছু হারিয়ে যায়, তবুও কি এই পাতাটা থাকবে?

আমি মাথা ঝাঁকালাম।

— এই পাতাটা যেমন শুকিয়ে গেলেও তার গল্প হারায় না, ভালোবাসাও তেমন... সময়ের কাছে ম্লান হলেও সত্যটা থাকে অমলিন।

সে চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য। আমি অনুভব করলাম, এই ক্ষণিক মুহূর্তের মাঝেই আমরা একে অপরকে বুঝে ফেলেছি।

হঠাৎ বাতাস বয়ে গেল আমাদের মাঝ দিয়ে। পাতাটা তার হাত থেকে উড়ে যেতে লাগল।

সে চমকে উঠে ধরতে চাইল, কিন্তু ততক্ষণে পাতাটা হাওয়ায় মিলিয়ে গেছে।

সে আমার দিকে তাকাল।

— হারিয়ে গেল...

আমি হাসলাম।

— যা হৃদয়ে থাকে, তা কখনো হারায় না।

সে কিছু বলল না, শুধু আমার দিকে তাকিয়ে রইল।

তারপর...

চারপাশের দৃশ্য ঝাপসা হতে শুরু করল। বাতাসের শব্দ মিলিয়ে যেতে লাগল।

আমি টের পেলাম, আমার চারপাশ বদলে যাচ্ছে। তার মুখটা কুয়াশার মতো ম্লান হয়ে আসছে, আমার হাতে থাকা উষ্ণতা ফিকে হয়ে যাচ্ছে।

আমি ঘুম থেকে জেগে উঠলাম।

ঘরের জানালা দিয়ে ভোরের আলো আসছে। বাতাসে ফজরের আজান ভাসছে।

আমি তাকিয়ে দেখি, আমার হাত শূন্য... কোনো পাতাও নেই, কেউ নেই।

স্বপ্ন ছিলো… শুধু স্বপ্ন।

আমি চোখ বন্ধ করলাম। বুকের ভেতর এক অদ্ভুত শূন্যতা নিয়ে ফিসফিস করে বললাম,

— কিন্তু যা হৃদয়ে থাকে, তা কখনো হারায় না… তাই না?


২০২২ -এইচএসসির সময় লেখেছিলাম


২৪-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।