নীল বেদনা
- কেয়ন ইমরান
মসি আমার থেমে যাচ্ছে
পারছি না কিছু লিখতে,
মুখের ভাষা হারিয়ে যাচ্ছে
পারছি না কিছু বলতে।
জীবন নামের কষ্ট নদী
নীল বেদনায় রয়েছে ভরে,
একা একা আমি কাঁদি
বসে অভাগা শূন্য চরে।
ঝরছে অশ্রু নিত্য আমার
মনের আকাশ বেদনায় নীল,
হারিয়ে গেছে নিদ্রা আহার
শুন্য এখন আমার মঞ্জিল।
শিশু কালে নেই সুখ
যৌবন কালে চাপা কষ্ট,
সারা জীবন পেলাম দুখ
এখন আমার লক্ষ্য ভ্রষ্ট।
সমুদ্র নীল, আকাশ নীল
বুকে নিয়ে আছে বেদনা,
নীল বেদনায় জীবন কাহিল
দেহ পূর্ণ যাতনা অজানা।
আশাহত নির্জীব আমি একা
রিক্ত হয়ে আছি পড়ে,
তকদীর আমার এমনি আঁকা
সব নিয়েছে কালের ঝড়ে।
বেদনার নীল সমুদ্রে আমি
বৈঠা বিহীন নিয়ে তরী,
সমুদ্র নীল বেদনার ভূমি
নিয়েছে আজ আমায় বরি।
নীল বেদনা করেছে পাহাড়
প্রেমময় এই বক্ষ ভূমি,
ভেঙ্গেছে আমার জীবনের পাড়
অমিত জলদে রয়েছে চুমি।
বেদনার ছবি নীল বর্ণের
কত যে যাতনায় ভরা,
কথা শুনতে হয় কর্ণের
যে বেঁচে থেকেও মরা।
১৫-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।