পরকীয়া মায়াজাল – তৃতীয় অংশ
- মোমেন চৌধুরী

আমি সেই শিশু—
যার ঘুম ভাঙে মা-বাবার তর্কে,
একদিন দেখেছি,
মায়ের চোখে অচেনা অশ্রু,
বাবার মুখে অব্যক্ত অভিমান,
আর সংসারের প্রতিটি দেয়ালে জমে থাকা কান্না।

জানতাম না তখন,
'পরকীয়া' মানে কী,
শুধু বুঝেছিলাম—
আমার মা, আমার বাবা—
আর একসাথে গল্প করে না।

আমার আঁকা ছবিতে
একটা বাড়ি ছিল,
সেই বাড়ির অর্ধেক আজ খালি,
আর আমার শৈশব—
তিন কোণে ছেঁড়া ভালোবাসার কাগজ।

স্কুলে সবাই জিজ্ঞাসা করে,
“তোমার বাবা-মা কি আলাদা থাকে?”
আমি হেসে বলি, “না”—
কিন্তু মন কাঁদে,
কারণ মা ঘরে থাকলেও, বাবা নেই আর পাশে।

পরকীয়া কেড়ে নেয়
শুধু দু’টি প্রাণ নয়,
কেড়ে নেয় সন্তানদের সকাল, সন্ধ্যা,
নিয়ে যায় নির্ভরতার মাটি,
আর রেখে যায়—
কত শত অস্পষ্ট প্রশ্ন!


৩০-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।