মলিন কৃষ্ণচূড়া
- শিপন আলম

বসন্ত পেরিয়েছে সবে
কোকিলের কুহুকুহু ডাক আর শুনিনা তেমন
শিমুল ফুলের সৌন্দর্যও গত হয়েছে প্রকৃতি থেকে
বৈশাখের খরতাপে সর্বদা বিষাদের ছায়া
সর্বগ্রাসী ধূলিঝড়ে আচ্ছন্ন চারিদিক।

প্রকৃতির এই বিরূপতা দোলা দিয়েছে আমাদের মনে
আবার করেছে আমাদের ভয়ানক যুদ্ধংদেহী
ফিরিয়েছে আমাদের আত্মহননের আদিম ধারায়।

দুটি বসন্ত পেরিয়েও ফিলিস্তিন এখনো জ্বলছে
ভ্রমহীন সহস্র ফুলগুলো চাপা পড়েছে
নির্দয় কংক্রিটের টন টন আস্তরণে
রাশিয়া ইউক্রেনও থামছে না ভ্রাতৃঘাতী সমর হতে
বাঁধা পড়েছে তারা বিশ্ব রাজনীতির জটিল সমীকরণে।
আমেরিকা ইরান সংঘাতও উঁকি দিচ্ছে কাগুজে সন্ধির আড়ালে
গোলা বারুদ মজুদ করছে পাক ভারত লাইন অব কন্ট্রোলে।

রুদ্র বৈশাখের তপ্ত তেজ যদিও বা প্রশমিত করেছে
খানিকটা আকাশ ছোঁয়া টুকটুকে লাল কৃষ্ণচূড়া
তবে তা পারেনি আমাদের মন ছুঁয়ে দিতে
পারেনি আমাদের তার সৌন্দর্যে অবগাহন করাতে
যুদ্ধের ময়দান হতে তার নিষ্কলুষ অবিরল ধারায়।


০২-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।