অভ্যস্ত চেনা -
- মোমেন চৌধুরী

ইদানীং তোমাকে বুঝে নিতে সময় লাগে না আর,
তোমার চুলের একটুখানি ওলটানোতেই টের পাই
বাতাস আজকে বিক্ষিপ্ত,
নাকি তুমি ভিতরে ভিতরে একটু বেশি চুপচাপ।

তোমার ভীত হরিণ চোখ—
সেখানে আমি খবরের কাগজ পড়ি না,
পড়ি তোমার মনের আবহাওয়া বার্তা।
আজ মেঘলা না ঝরনা, আমি জানি।

তোমার নিঃশব্দ হাসি যখন মুখে খেলে যায়,
আমি বুঝি—আজ তুমি একটু বেশি নরম,
হয়তো ভিতরে ভিতরে ভালোবাসা জমেছে।

আর,
তোমার মেঘকালো মুখ দেখলেই বুঝি—
তুমি চুপ করে থেকেও কত কিছু বলছো!
তোমার হাতে-পায়ে থাকা অস্থিরতা,
তোমার চোখের পাতায় জমে থাকা কথারা—
সব আমার চেনা।

কারণ,
যাকে প্রতিটি নিঃশ্বাসে অনুভব করা হয়—
তাকে আর আলাদা করে বোঝার প্রয়োজন হয় না।
তার না বলা কথাগুলোও একসময়
নিজের মনের ভাষা হয়ে যায়...


১৮-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।