তুমিময়ী -১৩
- মোমেন চৌধুরী

মেঘলা দিনে তোমার মুখখানা মনে পড়ে বেশি।
জানালার ধারে দাঁড়িয়ে থাকলে,
বৃষ্টি না হলেও আমার ভেতরটা টুপটাপ করে।

তোমার একটা হাসি—
সেইটা এখনো আমার চোখে বাঁধিয়ে রাখা আছে।
কিন্তু ছবিটায় আজকাল একটু ঝাপসা লাগে।
শুধু আমার চোখ ভিজে?
নাকি তুমি নিজেই একটু দূরে চলে গেছো?

আমি অনেকবার চেয়েছি ভুলে যেতে,
তোমার শেষবারের মতো ঘুরে তাকানোটা...
কিন্তু কী আশ্চর্য,
স্মৃতিগুলো কখনো পুরোনো হয় না—
ওগুলো শুধু আরো রঙহীন হয়ে
আরো গভীরে গেঁথে যায়।

তুমি কি জানো?
আজও আমি তোমার জন্য অপেক্ষা করি—
একটা মেঘলা বিকেলে,
যেখানে হঠাৎ হাওয়া বইবে,
আর জানালার কাঁচে ভেসে উঠবে
"তুমি" লেখা একটা ছবি।

তুমি নেই,
তবু প্রতিদিন মনের ক্যামেরায়
আমি তোমার নতুন নতুন ছবি তুলে রাখি।

তুমিময়ী,
তুমি তো চলে গেছো—
তবু আমার চোখে এখনো শুধুই তুমিময় মেঘ জমে।


২১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।