প্রেমের চিঠি কি ফিরবে আর?
- মোমেন চৌধুরী

প্রিয়ার প্রাণে আজ প্রেমের ছোঁয়া খুব কমই দেখি,
ইথারের বাতাসে বন্দি প্রেম—
অসভ্য শব্দে ক্ষতবিক্ষত অনুভব।

নিখুঁত মেসেঞ্জারের নীল আলোয়
প্রিয়া একা বসে থাকে,
কল্পনার ভেতর ভাসে,
কিন্তু প্রিয়র আলিঙ্গনের উষ্ণতা
কোথাও আর ধরা দেয় না।

হারিয়ে গেছে সেই রোমাঞ্চিত চিঠিগুলো,
যেখানে শব্দে শব্দে শ্বাস নিত ভালোবাসা,
যেখানে অপেক্ষা ছিল,
আর নীরবতাও ছিল অর্থপূর্ণ।

আজ প্রেমের সাহিত্যে খুঁজি অনুভূতির ঢেউ,
কিন্তু পাই শুধু ভাঙা প্রতিধ্বনি—
অসহ্য লাগে এই প্রেম,
অচেনা কোনো মুখের মতো,
যার চোখে নেই মমতা,
শুধু ক্লান্তির ছায়া।

দু’টি উন্মাদ মন ঘুরে বেড়ায়
মেসেঞ্জার থেকে মেসেঞ্জারে,
ভাষা বাড়ে, গভীরতা কমে,
পরিধি বড় হয়—
ভালোবাসা ছোট হয়ে যায়।

প্রেমের চিঠি আর লেখা হয় না,
প্রেমের সাহিত্য বোঝে না কেউ—
বোঝে শুধু এলোমেলো উচ্চারণ,
আউল-ফাউল আবেগ।

ঘন কুয়াশায় ঢেকে গেছে প্রেমের পৃষ্ঠা,
সবকিছু বড্ড ঝাপসা লাগে,
প্রতিটি জানালা যেন আলোহীন,
যেখানে ভালোবাসা নয়—
শুধু লেনদেন।

এক পরাজিত প্রেমিক ঘুরে বেড়ায়
প্রেমিকা’র নিখুঁত ইনবক্সে,
হারিয়ে যাওয়া চিঠির খোঁজে।

তবে কি প্রেমের সাহিত্য
অথৈ জলে ডুবে যাবে?
সেই হাতের লেখা চিঠি—
কি আর কোনোদিন
ফিরে আসবে না?


২৮-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।