নাক্ষত্রিক নারী
- অয়ন ভড়

শিল্পা, তোমার দু-চোখ— নক্ষত্রের মতো!
কোন দূর নীহারিকা পারে তুমি থাকো,
আকাশগঙ্গার বুকে কার ছবি আঁকো,
শতাব্দীর অন্ধকার ঝরে অবিরত
তোমার চুল থেকে— যেন চৈত্র-আকাশ
তোমার চুলের আঁধারে আচ্ছন্ন থাকে।
শিল্পা, একদিন ভালোবেসেছিলে যাকে
আজও তার বুকে তোমার দীর্ঘশ্বাস
লেগে আছে; আজও সেই ক্লান্ত পুরুষ
তোমায় খুঁজে বেড়ায় ছায়াপথ ধরে;
চোখ যার পাগল করেছিল প্রাণ তার—
তুমি সেই নারী— চিরন্তন! নিরঙ্কুশ!
তোমারে সে একবার ক্ষনিকের তরে
পেয়েছিল— কোনোদিন পাবেনাকো আর।


২১-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।