আজকে রাতে
- অয়ন ভড়

আজকে রাতে অনেকগুলো সিগারেট, কিছুটা মদ,
আজকে দিগন্তে বিপুল মোহনা — নক্ষত্রের নদ।
আজকে পৃথিবী ভীষণ সুন্দর। আজকের এই রাতে
সুজাতা, আজকেই বলি যদি, কী এসে যাবে তাতে?
বলি যদি কিছু কথা, অনেকদিন বলবো ভেবে
ওই আকাশে একটা-দুটো করে নক্ষত্ররা নেভে।
কেন আমাদের মাঝখানে এতখানি সময় আর স্থান?
সুজাতা, সাধ আর সাধ্যের মাঝে কেন এত ব্যবধান?

হঠাৎ কাঁদতে ইচ্ছে করে, ভীষণ কোনো আবেগের আঘাতে
চোখ ঝাপসা হয়ে আসে, সুজাতা, সুজাতা — আজ রাতে
এক আচ্ছন্নতা ঘিরেছে আমায়। তোকে চাই আজ আমি,
তোকে ভীষণ করে চাই আমার। এই থমথমে অন্ধকারগামী
ভীষণ বিজন স্তব্ধ রাতে আমি শুধু তোকে চাই, সুজাতা!
বাতাসে ভাসছে নিকোটিন, হাওয়ায় দুলছে কয়েকটা মাথা,
আধুনিক বাংলা গান, সুজাতা, আমি সব গানে তোকে খুঁজি,
ওই দূরে কাস্তে চাঁদ গলে পরে, সুজাতা, আমি চোখ বুজি।

সুজাতা, আজ রাতে যদি তোর কোলে শুয়ে থাকতাম,
আর আজকের রাত যদি হত অনন্ত অশেষ অবিরাম,
বাতাসে বাড়ছে নিকোটিন, সুজাতা, বুকে আমার কুয়াশা,
চোখের আগুন নিভতে দিইনি তবু, একরাশ ভালোবাসা
আর স্বপ্ন বুকের ভিতর বেঁচে থাকে সেই আগুনের আঁচে!
সুজাতা, একটুকু ভালবাসা পেতে কি পারিনা তোর কাছে?
আজ এই নক্ষত্রের রাতে, সুজাতা, আজ এই হাওয়ার রাতে,
মানুষ, মন, মদ, মহাকাশ — সব যেন মিশে গেছে একসাথে।


২০-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।