রোজার প্রতিজ্ঞা
- আবু সাইদ লিপু
ক্ষুধা, তোকে আড়ি দিয়েছি-
পুরো একমাসের জন্য।
দীর্ঘ আঠার ঘন্টা-
দেহে আসবে না কোন খাদ্য
বাজবে না ফোঁটাখানেকও পানির বাদ্য।
সংযমের পরম ছোঁয়ায়
আদিষ্ট চরম মায়ায়।
তবুও ক্ষুধা, তুই ধারে কাছেও আসবি না।
তোকে নজরুলের বিদ্রোহী কবিতার দিব্যি
তোকে শামসুর রাহমানের ’স্বাধীনতা তুমি’র কসম
তোকে আমার মায়ের ভালবাসার কসম,
যদি তোকে এই একমাস কাছে-ধারে
কোথাও দেখি নীরবে-নিভৃতেও
ক্ষুধা, কসম আমার মেয়ের চুলের বেনী
তোর গলা টিপে ধরব।
নিজেকে মালিকের কাছে সঁপেছি,
ক্ষুধা-তৃষ্ণা-যন্ত্রণা সব তাঁর দরবারে জমা দিয়েছি
ক্লান্তি-দূর্বলতা-অবসন্নতা ওপাশে রেখেছি।
একাগ্র মন
নিবিষ্ট হৃদয়
শান্ত শরীর নিয়ে
খোদাগো, তোমার দুস্তর পথের যাত্রী।
এ যাত্রায় কাউকে মানব না
কোন বাঁধাই সইব না,
দ’লে যাব যত নষ্ট
ম’লে যাবে যত কষ্ট।
দৃঢ় এ অঙ্গীকার
ক্ষুধা, তুই এ’কথা ভুলিসনে যেন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।