পারস্পরিক প্রতিকূলতা
- বোরহান রাব্বানী

তোমাকে কতদিন দেখি না—
কত সুদীর্ঘ দিন পার হয়ে গেল তোমাকে দেখিনি।
এখন দিনের হিসেব ফুরিয়ে বছর গড়ায়
আমাদের সমস্ত হিসেব তবে শেষমেশ গড়িয়ে যায়!

একটাই শহর আমাদের— ছোটখাটো বাড়ি,
পাবলিক গাড়ি
হেঁটে যেতে যেতে সেই পরিচিত গলি পার হয়ে যাই।
এত কিছু অনুকূলে তবু
সেই শেষ কবে..., বছর চারেক গড়ায়।
সেই শেষ কবে, কোন এক নাগরিক শীতে দেখা হয়েছিল—
তারপর বহুদিন দেখিনি তোমায়!

তবু মিরপুর যাই, মহাখালী যাই
মাঝেসাঝে হুটহাট দেখা হয় যদি—
এই আশে বালুঘাট যাই।
ইসিবি’র চত্বরে সকাল, সমস্ত সকাল কাটাই।
তোমাকে দেখি না।
সেই শেষ কবে— দেখা হয়েছিল
তারপর বহুদিন দেখিনি তোমায়৷৷


০৫-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।