সময়
- বোরহান রাব্বানী

একদিন যেই পথে দেখা হয়েছিল, যেই ট্রেনে–
সেই পথে, সেই ট্রেনে এখনও তো তুমি
আসা যাওয়া করো
আমি জানি–
রোজ ভোরে তুমি যাও—মাইল বারো দূরে
ক্লাস করো, চা খাও, ঝুপড়িতে কিছু বাকচিৎ
কথার ঝুড়ি খুলে বসো।
ফের ফিরে আসো— দুপুরের পরে,
কখনো বিকেলে কিংবা শেষ বিকেলের ট্রেনে।

একই সেই পথে, একই সেই ট্রেনে
আমারও তো রোজ আসা যাওয়া।
একই প্রাঙ্গনে হাঁটাহাঁটি, ছুটোছুটি করা
একই ঝুপড়িতে বসে চা-সিগারেট খাওয়া।

সবকিছু ঠিকঠাক—স্থির
শুধু সময় ধাবমান তার স্বতন্ত্র পথে
সময় মেলে না, আমাদের দেখা মেলে না।
একদিন যেই পথে দেখা হয়েছিল,
যেই ট্রেনে–
সেই পথে ফের, সেই ট্রেনে...।


০৫-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।