তুমি আর কী এমন
- বোরহান রাব্বানী
তোমাকে ভুলে যাওয়ার একটা বাহানা খুঁজে পাচ্ছি না!
রোজ দিন বাহানা বানিয়ে চলছি
অথচ বাহানা হচ্ছে না
ভুলে যাওয়ার মতো একটা বাহানা কোনভাবে ঠিকঠাক হয়েই উঠছে না৷
কোথাও তুমি নেই আমার দু’চোখের সীমানায়, দু’বাহুর আঙ্গিনায়
কোন নির্ঘুম রাত্রির বাসনায়, রাত জাগা কোন কবিতায়
কোথাও তুমি নেই;— তবু
তুমি দু’চোখের কোটরে প্রতিদিন নির্ভীক ঘুরে ফেরো৷
তোমাকে এড়িয়ে চলে যাই, তুমি ফের চলে আসো৷
রাত হলে তোমার ঘুঙুরের তাল—
কানে বেজে চলে তোমার কোমল পায়ের আওয়াজ; নিশ্বাসে বাতাসের নরম চলাচল আমাকে জাগিয়ে রাখে
আমি ঠিক ঘুমোতে পারি না৷
কতকিছু ভুলে যাই— সকালের চা চিনি,
রাতের ঔষধ,
পিসির পাসওয়ার্ড।
কতকিছু ভুলে যাই—
শুধু ভুলে যাওয়ার একটা বাহানা নাই বলে
তোমাকে ভুলে যেতে পারছি না৷
কোনরকম একটা বাহানা পেলে তোমাকে সেই কবেই ভুলে যেতাম—
তুমি আর কী এমন!
০৫-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।