যথেচ্ছাচার
- বোরহান রাব্বানী

আমাদের বহুদিন দেখা হয় না, কথা হয় না
আনন্দ বেদনার ভাগাভাগি হয় না
একদিন খুব বেশি হয়েছিল বলে বোধহয়
আজ আর একেবারে কোন কিছুই হয় না।

আমরা একে অন্যকে লুকিয়ে দেখি
ফেইসবুকে, সোশ্যালে কে কখন অ্যাক্টিভ ছিল
কে কি শেষ পোস্ট করছে তার খেয়াল রাখি
মাঝেমাঝে রাত জেগে কবিতায় খোঁজাখুঁজি করি।
এগুলো যে ঠিক কবিতা হয় তাও না
এ কেবল আমাদের অনুভূতির বহিঃপ্রকাশ।
আমাদের বহুদিন কোন খুনসুটি হয় না বলে—
বুকের ভেতর খচখচ করা কথাগুলাে ওভাবে
কবিতার নাম করে বেরিয়ে আসতে চায়
এসবকে কি আদৌ কবিতা বলা চলে!

আমরা এক শহরে থাকি, একই গলির মাথায়
দুজনার বাস
সকালে একই কাকের ডাকে আমাদের ঘুম ভাঙে,
একই হকারের চিৎকারে আমাদের পড়াশোনায়
ক্ষতি হয়।

তবুও মাঝেমাঝে মোড়ের দোকানে কোন দিন
হুটহাট দেখা হয়ে গেলে—
আমরা একে অন্যকে দেখেও না দেখার ভান
করে চলে আসি।
বাসায় এসে বসে থাকা দায় হয়ে পড়ে—
সটান হয়ে শুয়ে পড়ি।
বুকের ভেতরটা কেমন জানি করে—
বড় বড় নিঃশ্বাস— অদ্ভুৎ হাহাকার তার
এই ‘কেমন জানি’ করাটাকে কি আদৌ
প্রেম বলা যাবে?

এসবের কিছুই আমরা জানি না।
শুধু জানি আমাদের ভিতরটা রাতের শেষে দিন
আর দিনের শেষে রাতের মতো পরিপূর্ণ শূন্য।
একে প্রেম বলা যাক বা না-যাক
অন্তত বেঁচে থাকা বলা যায় না মোটেও।


২৫-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।