অবিশ্বাস
- বোরহান রাব্বানী
পৃথিবী গোল এ কথা আমি বিশ্বাস করি না
এত যে মানুষ দেখি কই তোমাকে তো দেখি না!
জন্মের রহস্য আছে, আছে মৃত্যুর নিবিড় গূঢ়তা
মৃত্যুর প্রয়োজনে এতো কিছু— কোলাহল
এতো আয়োজন, হৃদয়ে হৃদয়ে এতো হৃদ্যতা।
নিগূঢ় অন্ধকার কেটে যে রবির কিরণ বয়ে আনে
সোনালী আলোর রেখায় সুউষ্ণ ভোর
জানো তো? সে আলোর আয়ুও খুব বেশি নয়,
নিতান্তই কয়েকশত মিনিট, হাজার মিনিট বড়জোর।
শহরের মোড় জুড়ে ভিড়, সরণির সিগনালে ভিড়,
রেসকোর্স মুখরিত মানুষের ভিড়ে
এতো যে মানুষ দেখি- কই তোমাকে তো দেখি না!
উৎসাহে, চিৎকারে মেতেছে মানুষ— সমস্ত
উদ্যানে তুমুল হৈচৈ-কোলাহল
এতো আয়োজন মানুষের তরে মানুষের!
এতো গালিচার লাল!
আমি শুধু জনে জনে জিজ্ঞেস করে চলেছি একা—
কেউ তো তোমাকে চেনে না, কখনো দেখেনি তারা!
কবি থেকে বিদ্রোহী
মন্ত্রীর থেকে নেতা
অতি বড় থেকে অতি ছোট
সাধারণ মানুষ যারা
কেউ তো জানে না তোমায়, কখনো দেখেনি তারা!
অতঃপর ধ্রুপদি কবিতা এই, এই শেষ কথা
পৃথিবী গোল এ কথা আমি বিশ্বাস করি না।
০৯ ডিসেম্বর ২০২২
২৭-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।